'শক্তি প্রয়োগ যেন মানবাধিকার লঙ্ঘন না করে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, দেশের মানুষের জানমাল ও অধিকার রক্ষার জন্য কখনো কখনো শক্তি প্রয়োগ অপরিহার্য হয়ে পড়ে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মানুষের নিরাপত্তার কথা ভেবে আইনশৃঙ্খলা বাহিনীকে শক্তি প্রয়োগের নির্দেশ দিয়েছেন। তবে ওই শক্তি প্রয়োগ যেন মানবাধিকার লঙ্ঘন না করে। আইনের মধ্যে থেকে যতটুকু বৈধ, শক্তি প্রয়োগ যেন ততটুকুই হয়।
গতকাল শনিবার মানবাধিকার কমিশন আয়োজিত শান্তি পদযাত্রা-পরবর্তী সমাবেশে মিজানুর রহমান এসব কথা বলেন। ‘সন্ত্রাস-সহিংসতা নয়, চাই শান্তি-নিরাপদ জীবন’ স্লোগান নিয়ে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত এ পদযাত্রা অনুষ্ঠিত হয়।
হরতাল-অবরোধ কর্মসূচি পালনকারী রাজনৈতিক দলগুলোকে নাশকতার পথ থেকে সরে আসার আহ্বান জানিয়ে মিজানুর রহমান বলেন, সাধারণ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে, পেট্রলবোমা মেরে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা সম্ভব নয়। রাজনৈতিক আন্দোলনের নামে এখন যা চলছে তা উন্মত্ততা, উন্মাদনা, পাশবিকতা।
নাশকতা ঠেকাতে সরকারের ‘শক্তি প্রয়োগ’ করার নির্দেশের বিষয়ে বিবৃতি দিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, এশিয়ান হিউম্যান রাইটস ফাউন্ডেশন বলেছে, শক্তি প্রয়োগ সমাধান নয়। এ প্রসঙ্গে মিজানুর রহমান বলেন, ‘মানুষের বিরুদ্ধে যে যুদ্ধ চলছে, এ জন্য সরকারের আর কী করার আছে? মাঝে মাঝে এমন হয় যখন শক্তি প্রয়োগ করা ছাড়া সরকারের আর কোনো উপায় থাকে না।’
মাধ্যমিক পরীক্ষার্থীদের পক্ষ হয়ে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘আমি করজোড়ে মিনতি করছি, ১৫ লাখ ছাত্রছাত্রীর জীবনকে আপনারা (২০-দলীয় জোট) অনিশ্চয়তার মধ্যে ফেলবেন না। আপনাদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধের পুনর্জাগরণ ঘটুক।’ সব রাজনৈতিক দলের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা সবাই সহিষ্ণুতা ও ধৈর্যের পরিচয় দেন, অহিংসভাবে সব রাজনৈতিক কর্মসূচি পালন করেন।’
বিভিন্ন মানবাধিকার সংগঠন ও মানবাধিকারকর্মীদের নিয়ে বেলা ১১টার দিকে পদযাত্রাটি জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়। বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), গণসাক্ষরতা অভিযান, বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন, বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ, ফেডারেশন অব হিউম্যান রাইটস অর্গানাইজেশনসহ কয়েকটি সংগঠনের নেতা-কর্মীরা পদযাত্রায় অংশ নেন।
পদযাত্রা-পরবর্তী সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য কাজী রিয়াজুল হক ও সদস্য মাহফুজা খানম, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু, অধ্যক্ষ কাজী ফারুক প্রমুখ।