‘শক্তিশালী করতে হবে স্থানীয় সরকারকে’
গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে। স্থানীয় সরকারকে শক্তিশালী করে দেশের শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়নসহ সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে হবে। শক্তিশালী স্থানীয় সরকার ছাড়া গণতন্ত্র শক্তিশালী হতে পারে না। গতকাল শনিবার মৌলভীবাজার জেলা পরিষদের এক আলোচনা সভায় বক্তারা ওই সব কথা বলেন। অসচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক অনুদান, গরিব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের এককালীন বৃত্তি প্রদান, প্রশিক্ষিত ও অসচ্ছল নারীদের সেলাই মেশিন বিতরণ, কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে জেলা পরিষদের প্রশাসক আজিজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাংসদ সৈয়দ মহসীন আলী, সাংসদ মো. শাহাব উদ্দিন, সাংসদ নওয়াব আলী আব্বাস খান, সাবেক সাংসদ হোসনে আরা ওয়াহিদ প্রমুখ। অনুষ্ঠানে ৯৮ জন অসচ্ছল মুক্তিযোদ্ধাকে আর্থিক অনুদান, ৭০ জন প্রশিক্ষিত ও অসচ্ছল নারীকে সেলাই মেশিন, ২৫৭ জন গরিব ও মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়। এ ছাড়া ২৪৫ জন কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণার্থীর মধ্যে সনদ বিতরণ করা হয়েছে।