'শখের বশেও মাদক ছুঁয়ে দেখব না'
গাজীপুর শহরের রানী বিলাসমণি সরকারি বালক উচ্চবিদ্যালয়ে গতকাল শনিবার সকালে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ হয়েছে।
সমাবেশে বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র তানজিম বিন আশরাফ বলে, ‘শখের বশেও কখনো মাদক ছুঁয়ে দেখব না। আমার বন্ধুদেরও মাদক নিতে দিব না।’ দশম শ্রেণীর আরেক ছাত্র আরাফাত হোসেন বলে, ‘কোনো বন্ধু যদি সিগারেট খেতে চায়, তাকে বুঝিয়ে বিরত রাখব।’
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে মাদকবিরোধী আন্দোলনের অংশ হিসেবে গতকাল শনিবার বেলা ১১টায় রানী বিলাসমণি বালক উচ্চবিদ্যালয়ের হলরুমে ওই সমাবেশের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। মাদকের কুফল নিয়ে আলোচনা করেন প্রথম আলো মাদকবিরোধী আন্দোলনের উপদেষ্টা ডা. মোহিত কামাল, ট্রাস্টের কর্মসূচি ব্যবস্থাপক ফেরদৌস ফয়সাল এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুব আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলোর গাজীপুর প্রতিনিধি মাসুদ রানা।
মোহিত কামাল শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘মাদক থেকে দূরে থাকতে হবে। অনেকে মাদক নেওয়ার বা ধূমপান করার প্রস্তাব দেবে, কিন্তু তাতে সাড়া দেওয়া যাবে না। মাদক আমাদের ধ্বংসের দিকে নিয়ে যায়।’