‘শতাব্দীর আলোকবর্তিকা কুমিল্লা জিলা স্কুল’
শতাব্দীর আলোকবর্তিকা কুমিল্লা জিলা স্কুল। এখানকার শিক্ষার্থীরা দেশে-বিদেশে ছড়িয়ে আছেন। তাঁরা নিজেদের মেধা ও যোগ্যতা দিয়ে রাষ্ট্রের কল্যাণে কাজ করে যাচ্ছেন।গতকাল শুক্রবার বিদ্যালয়ের ১৭৫ বছর পূর্তি উৎসব উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। সকাল সাড়ে নয়টায় কুমিল্লা জিলা স্কুল মাঠে প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন কুমিল্লা জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ১৯৪২ ব্যাচের শিক্ষার্থী মো. আবদুর রশীদ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও বিদ্যালয়ের ’৬১ ব্যাচের শিক্ষার্থী গোলাম রহমান। তিনি বলেন, ‘ব্রিটিশবিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন ও একাত্তরের মুক্তিযুদ্ধে কুমিল্লা জিলা স্কুলের শিক্ষার্থীদের অসামান্য ভূমিকা রয়েছে।’অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনোয়ার ফারুক, মুক্তিযোদ্ধা নাজমুল হাসান ও বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক রাশেদা আক্তার। এর আগে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে নগরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।