'শফীর অপমানজনক কথা সহ্য করবেন না শ্রমিকেরা'
হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী হয়তো জানেন না যে পোশাকশিল্পের নারী শ্রমিকেরা মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করছেন। তাঁরা বাজারের পণ্য নন। তাই শফী এই শ্রমিকদের নিয়ে যেসব অপমানজনক কথা বলেছেন, তা সহ্য করা হবে না। মানববন্ধন থেকে শফীকে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ আয়োজিত মানববন্ধনে পোশাকশিল্পের শ্রমিক এবং নেতারা এসব কথা বলেন।
মানববন্ধন থেকে পোশাকশিল্পের নারী শ্রমিকসহ নারীদের নিয়ে দেওয়া শফীর বক্তব্যকে অমর্যাদাকর এবং সংবিধানবিরোধী বলে চিহ্নিত করা হয়েছে। সরকার এ বিষয়ে পদক্ষেপ না নিলে ঈদের পর শ্রমিকদের নিয়ে আন্দোলন গড়ে তোলারও হুমকি দেন মানববন্ধনে উপস্থিত নেতারা।
মানববন্ধনে কর্মজীবী নারীর প্রতিষ্ঠাতা সভাপতি শিরিন আখতার বলেন, আহমদ শফী নারীদের নিয়ে অবমাননাকর বক্তব্য দিয়েছেন। নারীদের ঘরে বন্দী করে রাখাসহ যেসব বক্তব্য দিয়েছেন, তা সংবিধানবিরোধী। তাই অবিলম্বে শফীকে আইনের আওতায় আনা প্রয়োজন।
শিরিন আখতার বলেন, শফী পোশাকশিল্পের নারী শ্রমিকদের নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তা পোশাকশিল্পের জন্যও ষড়যন্ত্রমূলক।
মানববন্ধনে শ্রমিকনেতা আবুল হোসাইন বলেন, ‘শফী খয়রাতের টাকায় সংগঠন চালান। পোশাকশিল্পের নারী শ্রমিকেরা মাথার ঘাম পায়ে ফেলেই ৭৬ ভাগ বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশের অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।’
আহমদ শফী দেশের অর্থনীতিতে কী অবদান রেখেছেন, তা নিয়ে প্রশ্ন তোলেন আবুল হোসাইন। তিনি বলেন, শফী নারীদের নিয়ে যে বক্তব্য দিয়েছেন তার জন্য মৃত্যুর আগে ক্ষমা না চাইলে মৃত্যুর পরও তিনি দায়ী থাকবেন।
শ্রমিক নেত্রী নাজমা আক্তার বলেন, ‘আমরা শ্রমিক, বাজারের পণ্য না। এটা শফী সাহেবকে বুঝতে হবে।’
মানববন্ধনে অংশ নেওয়া মিরপুরের একটি পোশাক কারখানার নারী শ্রমিক ক্ষোভ প্রকাশ করে বলেন,‘ তেঁতুল শফী বলেছেন আমরা নাকি সকাল ছয়টা থেকে রাত ১২টাতেও ঘরে ফিরি না। পুরুষের সঙ্গে সম্পর্ক করি। কিন্তু আমরা কাজ করে খাই, ইজ্জত বিক্রি করি না। আর শফী সাহেব তো আমাদের সঙ্গে থাকেন না। তাহলে তিনি এ ধরনের মিথ্যা কথা কেনো বলছেন?’
মানববন্ধনের ব্যানারে বড় বড় করে লেখা ছিল, ‘মৌলবাদ-জঙ্গিবাদ-তালেবানদের রুখে দাঁড়াও বাংলাদেশ।’ আহমদ শফীর উদ্দেশ্যে ব্যানারে লেখা, ‘আহমদ শফী জীবনের অন্তিম মুহূর্তে যে কথা বলেছেন তা তাঁর মা-বোন-স্ত্রী-পুত্র-কন্যাদের কেও অপমান করা হয়েছে।’
মানববন্ধনে শ্রমিকনেতা বদরুদ্দোজা নিজাম, কামরুল হাসান, সিরাজুল ইসলাম, জাহানারা বেগম প্রমুখ বক্তব্য দেন।