'শরণার্থী' মর্যাদা নিয়ে টানাপোড়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিলিপ্পো গ্রান্ডি
ফিলিপ্পো গ্রান্ডি

রাখাইন থেকে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলিমদের ‘শরণার্থী’র মর্যাদা দেওয়ার বিষয়ে টানাপোড়েন শুরু হয়েছে। সরকার মিয়ানমারের রাখাইন রাজ্যের সংখ্যালঘু এই সম্প্রদায়কে শরণার্থী বলতে চায় না। আর জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) বলছে, যে নামেই ডাকা হোক না কেন, নিপীড়ন আর সহিংসতা থেকে প্রাণের ভয়ে পালিয়ে আসা লোকজন শরণার্থী।

রোহিঙ্গাদের মর্যাদার বিষয়ে যতই টানাপোড়েন থাকুক, এবার নতুন আসা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়াসহ তাদের ব্যবস্থাপনায় এর মধ্যেই বড় পরিসরে যুক্ত করা হচ্ছে ইউএনএইচসিআরকে। কক্সবাজারের নতুন অস্থায়ী শিবিরে ঘর তৈরিতে সংস্থাটি যুক্ত হচ্ছে। নতুন আসা রোহিঙ্গাদের আবাসনসহ জরুরি মানবিক সাহায্যের কাজে যুক্ততার বিষয়ে গতকাল সোমবার একাধিক বৈঠক করেছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি। এর আগে শুধু কক্সবাজারের দুটি নিবন্ধিত শরণার্থী শিবিরেই ইউএনএইচসিআর কাজ করে আসছে। রোহিঙ্গাদের শরণার্থীর মর্যাদা চূড়ান্ত হওয়ার আগেই এভাবে ইউএনএইচসিআরের যুক্ততা নিয়ে সরকারের একাংশের মধ্যে ক্ষোভ আছে।

গতকাল সোমবার দুপুরে সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণসচিব মো. শাহ কামাল বলেন, রাখাইন থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের এখন পর্যন্ত অনুপ্রবেশকারী হিসেবে দেখছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। তবে দ্বিপক্ষীয় আলোচনায় যদি দেখা যায় বিষয়টি দীর্ঘমেয়াদি হচ্ছে, তখন তাদের শরণার্থী ভাবার বিষয়টি বিবেচনা করা হবে।

গতকাল বিকেলে এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের শরণার্থী সংস্থার হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডির কাছে রোহিঙ্গাদের শরণার্থীর
মর্যাদার বিষয়ে জানতে চাওয়া হয়। ফিলিপ্পো বলেন, ‘রাখাইন রাজ্য থেকে বিভিন্ন সময়ে যারা পালিয়ে এসেছে, ইউএনএইচসিআর তাদের শরণার্থী বিবেচনা করে। বঞ্চনা, নিপীড়ন, সহিংসতা, সংঘাত—এসব কারণে যেসব লোক প্রাণ বাঁচাতে এসেছে, তাঁরা শরণার্থী। তবে তাদের মর্যাদা কী হবে, সেটি ঠিক করা সরকারের সার্বভৌম সিদ্ধান্তের বিষয়।’ তিনি আরও বলেন, আনুষ্ঠানিকভাবে তাদের শরণার্থীর স্বীকৃতি দেওয়া হোক বা না হোক, সেটা আমাদের কিংবা সরকারকে তাদের সহায়তা দেওয়ার ক্ষেত্রে বাধা দেয় না। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

>শরণার্থী নয়, রোহিঙ্গারা অনুপ্রবেশ করেছে—ত্রাণসচিব

গত শনি ও রোববার কক্সবাজার ঘুরে এসে গতকাল সোমবার রোহিঙ্গাদের সর্বশেষ পরিস্থিতি নিয়ে জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান কথা বলেন। জাতিসংঘে দেওয়া বক্তৃতায় রোহিঙ্গা সমস্যার সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন। আর এই প্রস্তাবের অন্যতম বিষয় মিয়ানমারের ভেতরে একটি ‘সুরক্ষা বলয়’ প্রতিষ্ঠা করা। দুই দিন আগে জেনেভায় জাতিসংঘের শরণার্থী সংস্থার এক কর্মকর্তা প্রস্তাবের বিপক্ষে মত দিয়েছেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে ফিলিপ্পো বলেন, ‘আমরা এটার বিরোধিতা করছি না। আমাদের বুঝতে হবে কীভাবে একটা অঞ্চলকে নিরাপদ রাখা যায়। এটা কিন্তু ইউএনএইচসিআর ঠিক করবে না। মিয়ানমার সরকার আর আন্তর্জাতিক সম্প্রদায় আলাপ-আলোচনা করে এটা ঠিক করবে।’