'শরীর পুইড়্যা যাইতাছে'

সকাল নয়টা বাজতে না বাজতেই রাজধানী ঢাকার মিরপুর ১১ নম্বর সেকশনের বাংলা স্কুলের সামনে শসাভর্তি ভ্যান গাড়ি নিয়ে হাজির আবদুল মতিন। প্রায় ২০ মিনিট টানা একের পর এক শসা ছিলে ডালায় সাজালেন। জিজ্ঞেস করতেই হাসিমুখ করে মতিন বললেন, ‘অহন বিক্রি ভালাই হইতাছে। গরম পড়ছে না!’
খানিক পরেই জাকির হোসেন নামের এক রিকশাচালক ঘামে জবুথবু অবস্থায় সেখানে গিয়ে গোটা দুয়েক শসা কিনলেন। খাওয়ার পর ক্লান্ত মুখে খানিকটা স্বস্তি নিয়ে জাকির বললেন, ‘ভাড়া বেশি দিয়াও যাত্রী উঠতাছে। তয় গরমে গাড়ি (রিকশা) চালাইতে দম ফাইট্টা যাইতাছে। শরীর পুইড়্যা যাইতাছে।’
চৈত্রের গরমে জাকিরের মতো শ্রমজীবী মানুষের এই ত্রাহি অবস্থা আরও বেশ কদিন চলবে। আবহওয়া অধিদপ্তর তেমনই পূর্বাভাস দিয়ে জানিয়েছে, দেশজুড়ে এখন মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে চলছে। তবে রাঙামটি, শ্রীমঙ্গল ও দিনাজপুর অঞ্চল এবং রাজশাহী, খুলনা, ঢাকা ও বরিশাল বিভাগে গরমের দাপট বেশি। রাজশাহী জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি গিয়ে ঠেকেছে। বৃষ্টি না হওয়া পর্যন্ত দাবদাহ দূর হবে না।
আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল রাজশাহী জেলায় ৩৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর ঢাকায় তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ রাশেদুজ্জামান জানান, বৃষ্টি না হওয়া পর্যন্ত এই দাবদাহ থাকবে। প্রথম আলোকে তিনি বলেন, ‘এখন গরমকাল, তাই গরম পড়েছে। তবে আগামী ৩ এপ্রিলের দিকে বৃষ্টি হলে গরম চলে যাবে। এর সঙ্গে কালবৈশাখী ঝড় হতে পারে।’
এদিকে গরমে শিশুরা ডায়রিয়া, শ্বাসকষ্ট, কাশিজনিত রোগে আক্রান্ত হচ্ছে বলে রাজধানীর বিভিন্ন হাসপাতাল থেকে পাওয়া তথ্যে জানা গেছে।
এ অবস্থায় ভালো থাকার বিষয়ে শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের বিশেষজ্ঞ চিকিত্সক শামসুজ্জামান বলেন, ‘যতটা সম্ভব শিশুদের শীতল পরিবেশের মধ্যে রাখতে হবে। বাইরে কম বের হওয়া উচিত। বাসি খাবার কম খেতে হবে, কারণ গরমে খাবার দ্রুত পচে যায়। পানি প্রচুর পান করতে হবে। নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় ধরে পানি ফোটাতে হবে।