'শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত ক্ষমা করব না'
‘আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত তাদের আমরা ক্ষমা করব না। দেশের প্রতি, দেশের মানুষের প্রতি, দলের নেতা-কর্মীদের প্রতি আওয়ামী লীগের যে দরদ আছে, এটা অন্য কোনো দলের নেই। সেদিন নেতা-কর্মীরা জীবন বাজি রেখে আমাকে রক্ষা করেছে। আল্লাহ্র অশেষ রহমত ও নেতা-কর্মীদের চেষ্টায় আমি বেঁচে গেলেও যে প্রাণগুলো ঝরেছে সেগুলো আর ফেরত পাব না। আমরা তাঁদের পরিবারের সব দায়িত্ব নেব।’
নীলফামারী সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে গতকাল শনিবার দুপুরে অনুষ্ঠিত সমাবেশে নীলফামারী-২ (সদর) আসনের সাংসদ আসাদুজ্জামান নূর এসব কথা বলেন।
কর্মসূচির অংশ হিসেবে দুপুরে আসাদুজ্জামান নূরের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশ করে। সমাবেশ শেষে সেখানে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলিমুদ্দিন বসুনিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রশিদ, জেলা যুবলীগের সভাপতি রামেন্দ্র বর্ধণ, কৃষক লীগের সভাপতি অক্ষয় কুমার রায়, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া আলীম প্রমুখ।
সমাবেশে সাংসদ নূর আরও বলেন, ‘আমরা সেদিন শান্তিপূর্ণ কাজে গিয়েছিলাম। আমরা কারও সঙ্গে ঝগড়া-বিবাদ করতে যাই নাই। মিছিল-মিটিং করতে যাই নাই। কিন্তু জামায়াত-শিবির একাত্তর সালের মতো আমাদের ওপর হামলা চালাল।’
১৪ ডিসেম্বর বিকেলে রামগঞ্জ বাজারে সাংসদ নূরের গাড়িবহরে হামলা চালায় জামায়াত-শিবির। এ সময় তাঁদের নৃশংসতায় এক পথচারী ও আওয়ামী লীগের চার নেতা-কর্মী নিহত হন। আহত হন শতাধিক। নিহত ওই পাঁচজনসহ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের স্ত্রী সৈয়দা জোহরা তাজউদ্দীনের রুহের মাগফিরাত কামনা করে এবং আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়।