
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, নির্ধারিত সময়সীমার মধ্যে স্থায়ী ক্যাম্পাস নির্মাণসহ গুণগত মান পূরণের শর্ত পালনে ব্যর্থ বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল সোমবার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ১৩তম সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের প্রতিনিধি হিসেবে সভাপতির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। সকালে রাজধানীর আফতাবনগরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে এ সমাবর্তন অনুষ্ঠিত হয়। সমাবর্তন বক্তা ছিলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। সমাবর্তনে চারজন শিক্ষার্থীকে স্বর্ণপদকসহ মোট এক হাজার ৩৪১ জনকে সনদ তুলে দেওয়া হয়।
শিক্ষামন্ত্রী ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার সঙ্গে দেশপ্রেম ও মূল্যবোধের ধারক হিসেবে নৈতিক শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করেন।
সেলিনা হোসেন শিক্ষা ও সংস্কৃতির নানা দিক তুলে ধরে বলেন, এ অঞ্চলের মানুষের নিরক্ষরতার সুযোগেই বাইরের সংস্কৃতি এখানকার সংস্কৃতিকে বিকৃত করেছে। বিশ্ববিদ্যালয় থেকে আনুষ্ঠানিক শিক্ষা ও সনদ অর্জনের পাশাপাশি মানবিক গুণাবলির বিকাশের মাধ্যমে পরিপূর্ণ মানুষ হয়ে গড়ে ওঠার তাগিদ দেন তিনি।