'শর্ত' ছাড়াই বাল্যবিবাহ প্রতিরোধ আইনের পক্ষে প্রধান বিচারপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো ধরনের ‘শর্ত’ ছাড়াই বাল্যবিবাহ প্রতিরোধ আইন প্রণয়নের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। এ ছাড়া তালাকের ক্ষেত্রে নারী ও পুরুষের সমঅধিকার থাকা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
গতকাল শনিবার বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি (বিএনডব্লিউএলএ) আয়োজিত নারী আইনজীবীদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এ কথা বলেন। বর্তমানে বাল্যবিবাহ প্রতিরোধ আইনের খসড়ায় বিশেষ শর্ত বা বিধান যুক্ত করে মেয়েদের ১৬ বছর বয়সেও বিশেষ কারণে অভিভাবক চাইলে বা আদালতের অনুমতিতে বিয়ে দেওয়ার বিধান নিয়ে তুমুল আলোচনা চলছে।
রাজধানীর সিরডাপ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে এ সম্মেলনে জাতিসংঘের নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপ বা সিডও সনদ বাস্তবায়নে দক্ষিণ এশিয়া প্রেক্ষাপটে পারিবারিক আইনের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনায় প্রধান বিচারপতি বাংলাদেশের ক্ষেত্রে সিডও সনদের দুটি গুরুত্বপূর্ণ ধারা (২ ও ১৬.১ (গ)) থেকে সংরক্ষণ প্রত্যাহারের পক্ষে মত দেন।
সম্মেলনে দক্ষিণ এশিয়া প্রেক্ষাপটে পারিবারিক আইনের সম্ভাবনা ও চ্যালেঞ্জ বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনডব্লিউএলএর সদস্য তানিয়া ফেরদৌস। মূল প্রবন্ধের বিভিন্ন সুপারিশের প্রতি একমত পোষণ করে প্রধান বিচারপতি বলেন, ভারতের মুসলিম নারী এবং বাংলাদেশের হিন্দু নারীদের বঞ্চনার পেছনে একধরনের রাজনীতি কাজ করে।
ধর্ষণের শিকার নারীকে জেরার সময় আইনজীবীরা যে ধরনের আপত্তিকর প্রশ্ন করেন, তা নিয়ে বিএনডব্লিউএলএ কেন সোচ্চার ভূমিকা পালন করছে না, তা নিয়েও প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। সম্মেলনে সভাপতিত্ব করেন বিএনডব্লিউএলএর প্রেসিডেন্ট ফাওজিয়া করিম ফিরোজ। স্বাগত বক্তব্য দেন বিএনডব্লিউএলএর নির্বাহী পরিচালক সালমা আলী।
সম্মেলনে ভারতের দিল্লি হাইকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অপর্ণা ভাট এবং নেপালের জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য মোহনা আনসারি নিজ নিজ দেশে সিডও বাস্তবায়নের চিত্র তুলে ধরেন। সিডও বাস্তবায়নে এক দেশের ভালো উদাহরণগুলো অন্য দেশ গ্রহণ করতে পারে বলেও উল্লেখ করেন তাঁরা।
সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শাহনাজ হুদা ও বিএনডব্লিউএলএর প্রতিষ্ঠাতা সম্পাদক সিগমা হুদা প্রমুখ বক্তব্য দেন।