‘শহর ঠেকাতি বাঁধ হচ্ছি বাঁধ ঠিকাবে কিডা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া শহর রক্ষা বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। বাঁধের কাজ মানসম্মত না হলে বর্ষা মৌসুমে বাঁধটি ভেঙে সংলগ্ন এলাকা প্লাবিত হতে পারে বলে এলাকাবাসী আশঙ্কা করছেন।এদিকে বাঁধ নির্মাণকাজের তদারককারী পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কুষ্টিয়ার উপসহকারী প্রকৌশলী মঞ্জুর আলমকে সংশ্লিষ্ট ঠিকাদারেরা হুমকি দেওয়ায় নিরাপত্তা চেয়ে তিনি গত ২০ জুন কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এ ছাড়া গত ২৬ জুন তিনি কাজে অনিয়মের বিষয়টি লিখিতভাবে উপবিভাগীয় প্রকৌশলী আফসার উদ্দিন আহমেদকে জানিয়েছেন। বাঁধসংলগ্ন এলাকার লোকজন সঠিকভাবে বাঁধের কাজ করার দাবিতে গত শুক্রবার বিকেলে বাঁধের ওপর মানববন্ধন এবং পরে মিছিল করেছেন।পাউবো সূত্রে জানা গেছে, গড়াই নদীর ভাঙন থেকে কুষ্টিয়া শহর রক্ষা করতে এডিবির অর্থায়নে প্রায় ৩০ কোটি টাকায় দুই হাজার ১৯০ মিটার বাঁধ ও নদীর তীরবর্তী রাস্তা তৈরির কাজ চলছে। গত বছরের জুলাইয়ে শুরু হওয়া কাজ চলবে আগামী বছরের মার্চ পর্যন্ত। এ পর্যন্ত ৬৫ শতাংশ কাজ শেষ হয়েছে।বাঁধ নির্মাণ, প্লেসিং ও ডাম্পিংয়ের কাজ ঠিকাদারি প্রতিষ্ঠান ফেয়ার কনস্ট্রাকশন পাঁচ কোটি ১৭ হাজার, কামরুল এন্টারপ্রাইজ ও জামিল ইকবাল পাঁচ কোটি ১৪ লাখ, মণ্ডল ও আর আর চার কোটি ৭১ লাখ, হাসান ব্রাদার্স ও টেকনো ইন্টারন্যাশনাল চার কোটি ৪৪ লাখ, মশিউর রহমান চৌধুরী ও খন্দকার কনস্ট্রাকশন চার কোটি ২৮ লাখ, ডন কনস্ট্রাকশন ও আরাধনা এন্টারপ্রাইজ চার কোটি ৫৩ লাখ টাকায় সম্পন্ন করার কথা রয়েছে।গত বৃহস্পতিবার বাঁধসংলগ্ন চর আমলাপাড়ায় গিয়ে দেখা গেছে, পানির তোড়ে বাঁধের ব্লকগুলো ভেঙে যাচ্ছে। ফেলে রাখা ব্লকগুলো খালি হাতেই ভাঙা যাচ্ছে। চর আমলাপাড়ার বাসিন্দা ফরিদুল ইসলাম বলেন, ব্লকের অবস্থা এখনই যদি এমন হয় তবে আর কিছুদিন পর কিছুই থাকবে না। জরিনা তাসলিমা ও শহিদা নামে দুজন বলেন, ‘শহর ঠেকাতি বাঁধ হচ্ছি, বাঁধ ঠিকাবে কিডা।’অভিযোগ পাওয়া গেছে, শিডিউলে মাটি ও বালু দিয়ে বাঁধ তৈরির নির্দেশনা থাকলেও বালু দিয়ে বাঁধ তৈরি করে তার ওপর মাটির হালকা প্রলেপ দেওয়া হয়েছে। এমনকি নির্ধারিত মাপের চেয়ে বড় মাপের ব্লক বসানো হচ্ছে। তাই স্থানীয় বাসিন্দারা বর্ষা মৌসুমে বাঁধ ধসে যাওয়ার আশঙ্কা করছেন।অভিযোগের ব্যাপারে সব ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে মণ্ডল ও আর আর প্রতিষ্ঠানের ঠিকাদার রোকনুজ্জামান বলেন, কিছু ব্লকের মানের ব্যাপারে সন্দেহ হয়েছে। সেগুলো আলাদাভাবে রাখা রয়েছে। কাজে কোনো অনিয়ম করা হয়নি বলে তিনি দাবি করেন।কুষ্টিয়া পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী ওবাইদুর রহমান বলেন, ঢাকা থেকে প্রকৌশলী পরিদর্শনে এসে কিছু অনিয়ম পেয়েছেন। তা ছাড়া ওই সব কাজের তদারককারী প্রকৌশলীও একটি অভিযোগ দিয়েছেন। এ ব্যাপারে দুই সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অচিরেই প্রতিবেদন পাওয়া যাবে। সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।