‘শহীদ মিনারের নির্দিষ্ট কোনো নকশা নেই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহরের শহীদ খোকন পার্কের ‘রাজনৈতিক চেতনা’র কেন্দ্রীয় শহীদ মিনারটি ভেঙে মূল নকশার শহীদ মিনার নির্মাণের দাবি নাকচ করে দিয়েছেন মেয়র এ কে এম মাহবুবর রহমান।পৌর নাগরিক ও পেশাজীবীদের দাবি নাকচ করে জেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌর মেয়র মাহবুবর রহমান বলেন, ‘শহীদ মিনারের নির্দিষ্ট কোনো নকশা নেই। জাতীয় শহীদ মিনারও একটি অসমাপ্ত নির্মাণশৈলী। এটা একজন নামকরা লেখক তাঁর লেখায় উল্লেখ করেছিলেন।’মেয়র দাবি করেন, অভিজ্ঞ নকশাবিদের দেওয়া নকশা অনুযায়ী ১৩ লাখ টাকা খরচ করে পৌরসভার পক্ষ থেকে শহরের খোকন পার্কের ওই শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। কারও সেটা পছন্দ না হলে শহরের যেকোনো স্থানে অন্য নকশার শহীদ মিনার নির্মাণ করতে পারেন। ৫ ডিসেম্বর বগুড়া শহরের এডওয়ার্ড পার্কের ওস্তাদ আলাউদ্দিন মঞ্চে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআইবি) এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) আয়োজিত ‘জনতার মুখোমুখি জনপ্রতিনিধি’ অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন। বর্ণমালার পরিবর্তে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামের অক্ষর যুক্ত করে নতুন নকশায় শহীদ মিনারটি নির্মাণের পর থেকেই তা নিয়ে বিতর্ক চলে আসছে। আইনজীবী আবদুল লতিফ পশারী জানতে চান, শহরের ফুটপাত হকারের দখলে। পরিকল্পিত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বর্ষায় শহরের রাস্তাঘাটে চলাচল করা যায় না। জবাবে মেয়র বলেন, ‘ফুটপাত দখলমুক্ত করে হকারদের অন্য স্থানে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। আর পানি নিষ্কাশনের জন্য শহরের প্রধান নালা প্রশস্ত করা দরকার। কিন্তু তা করতে গেলে অনেক দালানকোঠা ভাঙা পড়বে। ক্ষতিপূরণের জন্য অর্থ প্রয়োজন। এ জন্য আপাতত এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হচ্ছে না। পরিবেশ আন্দোলনের কর্মী শিশির মুস্তাফিজ ও জিয়াউর রহমানের প্রশ্নের জবাবে পৌর মেয়র বলেন, আবাসিক এলাকায় ছয়তলার বেশি বহুতল ভবন নির্মাণের কোনো নিয়ম নেই। নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হচ্ছে। সনাক বগুড়ার সভাপতি বজলুল করিম বাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন টিআইবির জ্যেষ্ঠ কর্মসূচি ব্যবস্থাপক হাসান আলী। স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আহ্বায়ক সামির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে মেয়র ছাড়াও কয়েকজন কাউন্সিলর নাগরিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।