'শহীদ হামজা ব্রিগেডের' সাতজনের জামিন নামঞ্জুর
চট্টগ্রাম নগরের হালিশহর থেকে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার চট্টগ্রামভিত্তিক নতুন জঙ্গি সংগঠন ‘শহীদ হামজা ব্রিগেডের’ সামরিক শাখার প্রধান মনিরুজ্জামান ওরফে ডনসহ সাতজনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর শুনানি শেষে এ আদেশ দেন।
অপর আসামিরা হলেন মনিরুজ্জামানের সহযোগী নাসির হোসেন, মো. শামসুদ্দিন, রাকিব হাসান, ফয়জুল হক, তাঁর ছোট ভাই আজিজুল হক, আত্মীয় আবদুল হাই।
সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, হালিশহর থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাত জঙ্গি জামিনের আবেদন করেন। শুনানিতে তাঁদের নির্দোষ দাবি করে এবং জামিনে গিয়ে পলাতক হবেন না বলে আদালতকে জানান আইনজীবীরা। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করে বলা হয়, সাম্প্রতিক সময়ে দেশে জঙ্গিদের তৎপরতা বেড়ে গেছে। এই মুহূর্তে আসামিরা জামিনে গেলে দেশের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে দেন।
গত বছরের ২৮ ফেব্রুয়ারি নগরের হালিশহর থানার গোল্ডেন আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ৭৬টি শক্তিশালী বোমা, ১৫০ কেজি বিস্ফোরক, ৩০ ধরনের বোমা তৈরির সরঞ্জাম, ২৪টি শটগানের গুলি, বিপুল পরিমাণ তার, বাল্ব, মুখোশ, দস্তানা ও বুট উদ্ধার করে র্যাব। ওই বাসা থেকে ফয়জুল হক নামের এক ব্যক্তি, তাঁর বোন রহিমা আক্তার, বড় বোনের ছেলে জায়েদুল্লাহ ও তাঁদের আত্মীয় আবদুল হাইকে গ্রেপ্তার করা হয়। অন্যদের পরে বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়। ওই সময় র্যাব জানায়, জঙ্গি প্রশিক্ষণ এবং দেশে নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে এসব বোমা ও বিস্ফোরক মজুত করা হয়। এ ঘটনায় র্যাব-৭-এর সহকারী পরিচালক এম জি রব্বানী হালিশহর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। তদন্ত শেষে ১৬ মার্চ র্যাব-৭-এর এএসপি জালাল আহম্মেদ ১১ জনের বিরুদ্ধে এ মামলায় আদালতে অভিযোগপত্র দেন।
সরকারি কৌঁসুলি জানান, ১১ আসামির মধ্যে রহিমা আক্তার ও জাহেদুল্লাহ জামিনে আছেন। মো. পারভেজ পলাতক। কারাগারে আটক থাকলেও আজ জামিনের আবেদন করেননি মো. আনোয়ার হোসেন।
এদিকে পলাতক আসামির বিরুদ্ধে প্রতিবেদন প্রাপ্তির জন্য আগামী ২৯ সেপ্টেম্বর পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। প্রতিবেদন পাওয়ার পর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার শুরু হবে।