
গোলাম আযমের রায়ে ক্ষুব্ধ শহীদ সাংবাদিক সেলিনা পারভীনের ছেলে সুমন জাহিদ। তাঁর মধ্যেও কিছুটা হলেও সান্ত্বনা খুঁজে পেয়েছেন আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের রায়ে। গতকাল প্রথম আলোকে তিনি বলেন, ‘গোলাম আযম হলো মানবতাবিরোধী অপরাধের সবচেয়ে বড় অপরাধী, সবচেয়ে বড় কালপ্রিট। রায়ে বলা হয়েছে, বয়সের জন্য তাকে কম সাজা দেওয়া হয়েছে। কিন্তু গোলাম আযম কি ১৯৭১ সালে বয়সের কারণে মানুষকে ছেড়ে দিয়েছিল? বৃদ্ধকে হত্যা করে নাই? তখন তো তাদের চোখে বৃদ্ধ বা একজন গর্ভবতী মহিলা কোনো বিষয় ছিল না। স্বাধীনতার পক্ষের লোক বা ভিন্ন ধর্মাবলম্বী পেলেই হত্যা করেছে। তাই তার এই রায়ে সবাই প্রচণ্ড হতাশ ও ক্ষুব্ধ ছিলেন। এরপর আলবদর-প্রধানের রায়ে তাঁরা যথেষ্ট পরিমাণ সন্তুষ্ট। তবে পুরোপুরি খুশি যাকে বলা যায় সেটা আসলে না, রায়টা কার্যকর হলেই মনে করবেন যে শহীদদের আত্মা শান্তি পাবে। আমাদের যে ইচ্ছা ছিল, যে আকাঙ্ক্ষা ছিল, যে চাহিদা ছিল, তা পূরণ হবে বলে মনে করি।’ ব্রিটেনে পালিয়ে থাকা আলবদরের কমান্ডার ইনচার্জ চৌধুরী মুঈনুদ্দীনকে ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে সেলিম জাহিদ বলেন, ‘সরকার শিগগির আইন বা চুক্তি করে তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করুক। তার বিচারে রায়ও আমরা দেখে যেতে চাই।’ তিনি বলেন, ‘সরকারের হাতে সময় কম। তারা রায় কার্যকর করবে কি না, তা আমরা জানি না। কিন্তু সরকার যদি পরিবর্তন হয়, তখন দেখা যাবে যারা বিচার চেয়েছে তারাই অপরাধী হিসেবে গণ্য হবে।’ তাই দ্রুত রায় কার্যকর করতে সরকার ও আদালতের কাছে আহ্বান জানান তিনি।