
হাইকোর্টের সামনে গতকাল মঙ্গলবার পুলিশের ওপর হামলা ও দুই কর্মীকে ছিনিয়ে নেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিরা বিএনপিতে অনুপ্রবেশকারী বলে দাবি করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি। তাঁর এ মন্তব্যের বিষয়ে প্রথম আলোর ফেসবুকে পাঠকের মতামত জানতে চাওয়া হয়।

এ বিষয়ে মিসবাহ উদ্দিন লিখেছেন, ‘আমার মতামত হলো উভয় দলের রাজনৈতিক নেতারা প্রচুর মিথ্যাচার করেন। তাই এঁদের কোনো কথা আমি বিশ্বাস করতে পারি না।’ ফয়সালের মন্তব্যও প্রায় একই ধরনের। তিনি লিখেছেন, ‘খারাপ কিছু হলে আওয়ামী লীগ যেমন নিজের লোকদের এড়িয়ে যায়, বিএনপিও তাদের জাতভাই। কিন্তু যারা এগুলো ঘটায়, তারাই শুধু বোঝে না দল শুধু নিতে জানে, দিতে নয়।’

রাহুল দেব লিখেছেন, ‘রাজনীতিবিদেরা নিজেদের দোষ অন্যের ঘাড়ে চাপাবে এটাই স্বাভাবিক। তবে শাক দিয়ে মাছ ঢাকা যাবে না, এটা তাঁরা ভুলে যাচ্ছেন।’ হামিদুল পাপ্পু লিখেছেন, ‘ভদ্র ইমেজধারী লোকজনও আজকাল নেত্রীকে খুশি করতে মিথ্যা কথা বলার প্রতিযোগিতায় নেমেছে।’
তাওহীদ উদ্দিন খান হামলাকারীদের উদ্দেশ্য নিয়ে মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, ‘যারা ভেবেছিলেন পুলিশের ওপর হামলা করে দলের পদ পাবেন, তাদের সেই আশায় গুড়েবালি। উল্টো বাড়তি পাওনা হলো পুলিশের দৌড়ের ওপর থাকা।’

অনুপ্রবেশকারীরা শুধু শুধু এ হামলা কেন করবেন, সে প্রশ্নও তুলেছেন কোনো কোনো পাঠক। মো. ইসমাইল লিখেছেন, ‘অনুপ্রবেশকারীদের কী দায় পড়েছে পুলিশের ওপর হামলা চালিয়ে বিএনপির নেতাদের ছাড়িয়ে নেওয়ার?’ হাবিবুর রহমান হাবিব লিখেছেন, ‘অনুপ্রবেশকারীরা কেন বিএনপির নেতা-কর্মীদের ছিনিয়ে নেবে? এটা বিএনপির নেতা-কর্মীরাই করেছেন, এটাই সত্য।’
আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে দোষ স্বীকার করার প্রবণতা নেই বলে মনে করেন এ কে এইচ অপু। তিনি লিখেছেন, ‘এটা নতুন কিছু নয়। দোষ স্বীকার করবে, এমন আশা আমাদের রাজনীতিবিদদের কাছে করা যায় না।’
হাসিবুল হাসান শান্ত লিখেছেন, ‘ছবি, ভিডিও ফুটেজ আছে সাংবাদিকদের কাছে। ঠিকঠাক তদন্ত করলে বের হয়ে যাবে কে বা কারা এসব করেছে।’