‘শাটল ট্রেন নড়াচড়া করলেই আগুন!’
হরতাল চলাকালে গতকাল সোমবার সকালে চট্টগ্রাম নগর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন আটকে দেন হেফাজতে ইসলামের কর্মীরা। এরপর বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত টানা ১০ ঘণ্টা শাটল ট্রেন চলাচল বন্ধ ছিল।বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির পরিদর্শক রফিকুল ইসলাম ও ষোলশহর স্টেশনমাস্টার সাহাব উদ্দীন প্রথম আলোকে বলেন, নগরের বটতলী স্টেশন থেকে সকাল সাড়ে সাতটায় ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে আসা প্রথম শাটল ট্রেনটি হাটহাজারীর ফতেয়াবাদ স্টেশনে পৌঁছালে হেফাজতে ইসলামের কর্মীরা তা আটকে দেন। এ সময় শাটল ট্রেন নড়াচড়া করলে আগুন ধরিয়ে দেবে বলে হুমকি দেন তাঁরা। পরে তাঁরা হেফাজতের কর্মীদের শাটল ট্রেন না চালানোর আশ্বাস দিয়ে ট্রেনটিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস স্টেশনে নিয়ে আসেন।গতকাল একই কারণে নাজিরহাটগামী ট্রেন চলাচলও বন্ধ হয়ে যায়। গতকাল সন্ধ্যা পর্যন্ত আর কোনো শাটল ট্রেন ক্যাম্পাসে ভিড়তে না পারায় শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকে ভোগান্তিতে পড়েন। শাটল ট্রেন চলাচল না করায় গতকাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছিল কার্যত অচল।গতকাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাখা ব্যাংকে ঝুলেছে তালা, হাতে গোনা কর্মকর্তা-কর্মচারী উপস্থিত থাকায় প্রশাসনিক কাজে নেমে আসে ধীরগতি। তবে সাড়ে পাঁচটার দিকে ক্যাম্পাসে আটকে থাকা ট্রেনটি নগরের উদ্দেশে রওনা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।