ফেনীতে চেয়ারম্যান একরামুল হক হত্যাকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেছেন, ফেনী জেলা আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে একটি মহল নিজাম উদ্দিন হাজারীর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। একরাম হত্যার ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে ফেনীর শান্ত জনপদকে আবার অশান্ত করার চেষ্টা করা হচ্ছে।
গতকাল শনিবার জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের ট্রাংক রোডের শহীদ মিনার চত্বরে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভার প্রধান অতিথি ও সাংসদ নিজাম হাজারী তাঁর বক্তৃতায় বলেন, ‘খুনি যেই হোক, সে খুনি। তাঁর কোনো দল বা অন্য কোনো পরিচয় নেই। খুনি যেন রক্ষা না পায়, সে জন্য আমরা প্রশাসনকে সর্বাত্মক সহযোিগতা করব। এতে যদি তদন্তে আমার নামও সম্পৃক্ত হয়, আমাকেও গ্রেপ্তার করা হোক। আমরা খুনিদের ফাঁসির মঞ্চে দেখতে চাই। ফেনী থেকে বিতাড়িতরা এখন ঢাকায় বসে ষড়যন্ত্র করছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন নারী সাংসদ জাহানারা বেগম সুরমা, আজিজ আহম্মদ চৌধুরী, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও পৌর মেয়র আলাউদ্দিন, যুবলীগের শুসেন চন্দ্র শীল, ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম প্রমুখ।