বোমাং সার্কেলের রাজা উ চ প্রু চৌধুরী বলেছেন, শুধু রাজা নয়, একটি প্রতিষ্ঠান হিসেবে মানুষের কল্যাণে শান্তি ও সম্প্রীতির জন্য কাজ করছেন। আগামী দিনগুলোতেও মানুষের মঙ্গলের জন্য সরকারের সঙ্গে তিনি কাজ করে যাবেন। গতকাল শুক্রবার সকালে বান্দরবান শহরের পুরোনো রাজবাড়ি মাঠে বোমাং রাজপুণ্যাহ উৎসবে বার্ষিক ভাষণে তিনি এ কথা বলেছেন।
তিন দিনব্যাপী খাজনা (জুম রাজস্ব) আদায়ের এ উৎসবে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম-বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর ও বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা। বার্ষিক ভাষণ শেষে দুপুরে হেডম্যান (মৌজাপ্রধান) ও কার্বারিদের (পাড়াপ্রধান) কাছ থেকে খাজনা এবং উপঢৌকন গ্রহণ করেন বোমাং সার্কেলের রাজা।
রাজপুণ্যাহ উৎসবের উদ্বোধনী আয়োজনে আরও উপস্থিত ছিলেন সেনাবাহিনীর বান্দরবানের ৬৯ পদাতিক ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল নকিব আহমদ চৌধুরী, জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোমিনুর রশিদ প্রমুখ।
অনুষ্ঠানে মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, সরকার আন্তরিক হওয়ার পরও পার্বত্য চুক্তির ১৮ বছর পরও ভূমিবিরোধ নিষ্পত্তিসহ মৌলিক বিষয়গুলো বাস্তবায়ন হয়নি। এ জন্য সব পক্ষকে এগিয়ে এসে একসঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, পরিবেশ সুরক্ষায় সারা বিশ্বে এখন আদিবাসীদের জ্ঞান ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বাংলাদেশেও আদিবাসী-বিষয়ক সংসদীয় ককাস তাদের বিভিন্ন সংকট ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরছে। ভবিষ্যতে আদিবাসী অধিকার-বিষয়ক আইন করার জন্য সংসদে বেসরকারি বিল উত্থাপন করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা বলেছেন বিভিন্ন জনগোষ্ঠীর অধিকার সংরক্ষণে পার্বত্য চট্টগ্রামের জন্য একটি পর্যটন নীতিমালা হওয়া জরুরি।
অনুষ্ঠানে বোমাং সার্কেলের হেডম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাশৈপ্রু চৌধুরী হেডম্যানদের ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।