‘শান্তি কমিটির কার্যকরী কমিটির সদস্য ছিলেন গোলাম আযম’
জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত কর্মকর্তা মো. মতিউর রহমান গতকাল বুধবার জেরায় বলেছেন, একাত্তরে কেন্দ্রীয় শান্তি কমিটির ২১ সদস্যের কার্যকরী কমিটির সদস্য ছিলেন গোলাম আযম।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মতিউর রহমানকে গতকাল ষষ্ঠ দিনের মতো জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। আসামির কাঠগড়ায় এ সময় গোলাম আযম হাজির ছিলেন।দিনের কার্যক্রমের শুরুতে ট্রাইব্যুনাল বলেন, তদন্ত কর্মকর্তা চার দিনে পাঁচ অধিবেশন ধরে জবানবন্দি দেন। তাঁকে ইতিমধ্যে পাঁচ দিনে সাত অধিবেশন ধরে জেরা করা হয়েছে। ট্রাইব্যুনাল আদেশ দিচ্ছেন না, তবে ১১ অধিবেশনের মধ্যে তদন্ত কর্মকর্তাকে আসামিপক্ষের জেরা শেষ করার অনুরোধ করছেন। এ সময় মিজানুল ইসলাম বলেন, তিনি চেষ্টা করবেন।এরপর জেরা শুরু হয়। ঢাকার বাইরে কোন জেলায় প্রথম শান্তি কমিটি গঠিত হয়েছিল—আসামিপক্ষের আইনজীবীর এ প্রশ্নের জবাবে তদন্ত কর্মকর্তা বলেন, তদন্তে তথ্য পাওয়া গেছে, একাত্তরের ৩ মে ঢাকার বাইরে সর্বপ্রথম নরসিংদীতে শান্তি কমিটি গঠিত হয়েছিল। আইনজীবী বলেন, একাত্তরে নরসিংদী ছিল ঢাকার একটি মহকুমা। তদন্ত কর্মকর্তা বলেন, এটি তাঁর মনে নেই। নরসিংদীতে শান্তি কমিটি গঠনবিষয়ক সভা কার আহ্বানে হয়েছিল—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি তাঁর নোটে লেখা নেই, তবে ওই সভার পর মিঞা আবদুল মজিদকে শান্তি কমিটির আহ্বায়ক করা হয়। একাত্তরের ৫ ও ১২ মে দৈনিক সংগ্রাম-এ এই নিয়ে প্রতিবেদন ছাপা হয়।মিজানুল ইসলাম জানতে চান, খাজা খয়েরউদ্দিনের নেতৃত্বে গঠিত ১৪০ সদস্যের কেন্দ্রীয় শান্তি কমিটির কোনো সদস্য কি নরসিংদীর শান্তি কমিটিতে ছিলেন? জবাবে তদন্ত কর্মকর্তা বলেন, এমন কিছু তিনি তদন্তে পাননি। কেন্দ্রীয় শান্তি কমিটি বা কার্যকরী কমিটির কোনো সভার কার্যবিবরণী কি তদন্তের সময় সংগ্রহ করেছেন—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, না।মিজানুল প্রশ্ন করেন, ‘তদন্তের সময় আপনি মুক্তিযুদ্ধকালের কয়জন সেক্টর কমান্ডার ও সাব-সেক্টর কমান্ডারকে জিজ্ঞাসাবাদ করেছিলেন?’ মতিউর রহমান বলেন, তিনি দুজন সেক্টর কমান্ডার ও একজন সাব-সেক্টর কমান্ডারকে জিজ্ঞাসাবাদ করেছেন। সেক্টর কমান্ডাররা হলেন: কে এম সফিউল্লাহ বীর উত্তম ও আবু ওসমান চৌধুরী বীর উত্তম। সাব-সেক্টর কমান্ডার হলেন মাহবুবউদ্দিন আহমদ (এসপি মাহবুব) বীর বিক্রম।এসপি মাহবুব এই মামলায় রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী।বিকেল সাড়ে চারটার দিকে জেরা অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম আজ বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়। মতিউর রহমানকে গতকাল দুই অধিবেশন ধরে জেরা করে আসামিপক্ষ।