'শান্তি প্রতিষ্ঠায় বাউল মতবাদের গুরুত্ব অনেক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেছেন, সংঘাতময় পৃথিবীতে সাম্প্রদায়িকতা ও ধর্মীয় মৌলবাদ মোকাবিলা করে সমাজে শান্তি প্রতিষ্ঠায় বাউল মতবাদের গুরুত্ব অনেক।
গত শুক্রবার রাতে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দি ইউনিয়নের দোসরপাড়ায় পদ্মহেমধাম লালনসাঁই বটতলায় দুই দিনব্যাপী সাধুসঙ্গের উদ্বোধন অনুষ্ঠানে আবুল মকসুদ এ কথা বলেন। তিনি আরও বলেন, একশ্রেণির মানুষের মধ্যে বাউলদের সম্পর্কে ভুল ধারণা রয়েছে। বাউলেরা কোনো ধর্মকে অসম্মান করেন না। তাঁরা চান সব ধর্মের মানুষ ধর্মকর্মের সঙ্গে মানবতাবাদের চর্চা করুক। উদার গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় বাউল মতবাদের গুরুত্ব অনেক বলে মনে করেন আবুল মকসুদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস। সন্ধ্যা সাতটায় পদ্মহেমধাম লালনসাঁই বটতলার উপদেষ্টা আবদুল মান্নানের সভাপতিত্বে আলোচনায় অন্যদের মধ্যে অংশ নেন বালুচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি জাকির হোসেন, লালনসাঁই বটতলার সাধুসঙ্গের প্রতিষ্ঠাতা কবির হোসেন, লালনসাঁই বটতলার উপদেষ্টা তানভীর হাসান প্রমুখ।
প্রথম দিনে কুষ্টিয়া থেকে আসা খ্যাতনামা লালনসংগীত শিল্পীরা গান পরিবেশন করেন। অনুষ্ঠান চলাকালে রাত সাড়ে ১১টার দিকে হৃদ্রোগে আক্রান্ত হন লালনসাঁই বটতলার আরেক উপদেষ্টা কাঙ্গাল বন্ধু মোহন মাদবর। সিরাজদিখান স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তিনি মারা যান। পরে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়। তাঁর মৃত্যুতে গতকাল শনিবারের অনুষ্ঠানও স্থগিত করা হয় বলে জানিয়েছেন পদ্মহেমধাম লালনসাঁই বটতলার প্রতিষ্ঠাতা কবির হোসেন।