'শান্তিচুক্তি বাস্তবায়নে লড়াই চালিয়ে যেতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মানবেন্দ্র নারায়ণ লারমার (এম এন লারমা) চেতনার ফলাফলই হচ্ছে পার্বত্য শান্তিচুক্তি। তবে এই চুক্তি বাস্তবায়ন করতে হলে এম এন লারমার অনুসারীদের লড়াই-সংগ্রাম চালিয়ে যেতে হবে। লড়াই-সংগ্রামের অনুপস্থিতির কারণেই এ চুক্তি বাস্তবায়ন হতে পারছে না।

আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সভায় মানবেন্দ্র নারায়ণ লারমার ৩১তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। এম এন লারমার ৩১তম মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটি এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন জাতীয় কমিটির আহ্বায়ক পঙ্কজ ভট্টাচার্য।

সভায় কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ বলেন, যেখানে আদিবাসীসহ সব জাতিগোষ্ঠীর অধিকার থাকবে, সে ধরনের একটি দেশ চেয়েছিলেন লারমা।

অর্থনীতিবিদ আবুল বারাকাত পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নে প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠীর সঙ্গে আদিবাসীদের ঐক্যের বিষয়টিতে গুরুত্ব দেন। তিনি আদিবাসী নেতাদের উদ্দেশে বলেন, ‘আপনারা যত দিন এনজিওগিরি করবেন, তত দিন আদিবাসীদের অধিকার আদায় হবে না।’

সাংসদ ফজলে হাসান বলেন, ‘পার্বত্য শান্তিচুক্তির মৌলিক বিষয়ের বেশির ভাগই বাস্তবায়ন হয়নি। রাষ্ট্রধর্ম ইসলাম হয়েছে। হেফাজতের জন্ম এবং জামায়াতের আক্রমণ হয়েছে। আমি কোনো দিগন্ত বদলের আলামত দেখতে পাচ্ছি না।’

বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি সঞ্জীব দ্রং বলেন, অন্ধকার রাতের পর ভোরের দেখা মেলে। আদিবাসীদের আজকের অধিকারহীনতা একদিন দূর হবে। একসময় ঢাকায় এম এন লারমার নাম কেউ মুখে নিতে পারতেন না। এখন তাঁর স্মরণ সভা হয়।

সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজীব মীর।