মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমানায় ঢুকেই উৎসবের আমেজটা টের পাওয়া গেল। দুপুরের খররোদের মধ্যে দলে দলে ভাগ হয়ে লোকজন ছুটছেন ভোটকেন্দ্রের দিকে। নারীদের কোলে শিশু। কোথাও গোটা পরিবারই ভোটকেন্দ্রে চলে এসেছে। শান্তিপূর্ণ সহাবস্থানে, ছিমছাম পরিবেশে চলেছে ভোট গ্রহণ।
গতকাল শনিবার বড়লেখার বিভিন্ন কেন্দ্রে ভোট গ্রহণের এমন পরিবেশ চোখে পড়ল।
দুপুর সোয়া ১২টা: কাঁঠালতলী উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে ভোটারদের লম্বা লাইন। গল্প-গুজবে সময় পার করছেন সবাই। ভেতরে পৃথক বুথের সামনে পুরুষ ও নারী ভোটারদের সারি। নারী ভোটারের উপস্থিতিই বেশি। বেশির ভাগই বোরকা পরা।
কাঁঠালতলী ইউনিয়নের টাকি গ্রামের তামান্না বেগম বলেন, ‘যে প্রার্থী জনগণের খেদমত করতে পারব। দেশের খেদমত করতে পারব। তাঁকে ভোট দিতে এসেছি। আমি মনে করছি, এ রকম প্রার্থী আছেন।’ একই গ্রামের রিনা বেগম এবারই প্রথম ভোটার হয়েছেন। জীবনের প্রথম ভোট দেওয়ার পর নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, ‘আনন্দের সাথে ভোট দিয়েছি। কোনো সমস্যা ছিল না। খুব ভালো লাগছে।’ এই কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নুরুল হক বলেন, সকাল থেকে ভোটার উপস্থিতি ভালো। কোনো বিশৃঙ্খলা হয়নি। দু-একজন ঝামেলা করতে চেয়েছিল। তাদের বুঝিয়ে নিয়ন্ত্রণে রাখা গেছে।
পৌনে একটা: উপজেলা সদরের ষাটমা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এবং বড়লেখা-কুলাউড়া সড়কের ওপর অনেক মানুষের ভিড়। কেন্দ্রের ভেতর দু-একজন করে ঢুকছেন, বের হচ্ছেন। কেন্দ্রে ঢোকার মুখে ছোট লোহার চাকতি ও কাঠের তৈরি ঠেলাগাড়িতে চড়ে বের হচ্ছিলেন প্রতিবন্ধী তোতা মিয়া (২৪)। দুটি পা তাঁর অকেজো। থাকেন শহরের হাটবন্দে। হাত দিয়ে গাড়ি ঠেলে চলাফেরা করেন। ভোটের কথা তুলতেই এক গাল হেসে বললেন, ‘শান্তিমতো ভোট দিছি। ভোটে কোনো ব্যাঙ্গাবেঙ্গি (ঝামেলা) নাই।’ এ রকম গাড়ি ঠেলে এসে ভোট দিতে কষ্ট হয়নি—এমন প্রশ্নে তাঁর ঝটপট উত্তর, ‘ভোটটা তাঁরার (প্রার্থীদের) প্রাপ্য। প্রাপ্য ভোট দিতাম আইছি। সরকার কিছু দিলে দিবো। না দিলে নাই।’
পৌনে দুইটা: কুলাউড়া-বড়লেখা সড়কের পাশে অবস্থিত দক্ষিণভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা গেছে, ভোটারদের দাঁড়ানোর স্থানটিতে কোনো লোকজন নেই। ভোট দিয়ে বেরিয়ে আসা পশ্চিম দক্ষিণভাগের রহমান আলী (৪৫) প্রথম আলোকে বলেন, ‘খুব শান্তিতে ভোট অর (হচ্ছে)। আমরার এই কেন্দ্রে কোনো মাইর (মারামারি) নাই।’
বুথে গিয়ে দেখা যায়, ভোট বাক্সের পাশে লাঠিতে ভর দিয়ে একটি চেয়ারে বসে আছেন এক বৃদ্ধা। কিছু পরে এক তরুণী তাঁকে তুলে দাঁড় করান। এরপর তিনি নিজেই লাঠি ঠুকে ঠুকে হাঁটতে থাকেন। নাম জানতে চাইলে স্পষ্ট করেই বললেন জয়তুন বিবি। বয়স এক শর বেশি। বাড়ি দক্ষিণভাগ ইউনিয়নের কামিনপুর গ্রামে। তিনি বললেন, ‘ভোট কতোবার দিছি মনই (মনে) নাই। আমার ভোট আমি নিজে দিছি। কেউ আমারে কিছু কয় নাই। কোনো সমস্যা নাই।’