'শান্তির জন্য' প্রধানমন্ত্রীর পদত্যাগ চান বি. চৌধুরী
‘জনগণের শান্তির জন্য’ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা (বি. চৌধুরী।
গতকাল শনিবার বিকেলে মতিঝিলে কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে বি. চৌধুরী এ আহ্বান জানান। তিনি বলেন, ‘দেশে এখন প্রায় গৃহযুদ্ধ অবস্থা। তবে গৃহযুদ্ধের পর্যায়ে যায়নি। যদি গৃহযুদ্ধ হয়, তাহলে আমরা যাব কোথায়? আপনি প্রধানমন্ত্রীর চেয়ারে বসায়, সবার দায়িত্ব আপনার। আপনাকেই বিশৃঙ্খলা দূর করতে হবে। আমরা দেশে শান্তি চাই। জনগণের শান্তির জন্য প্রয়োজনে আপনি পদত্যাগ করুন।’
সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচনের আগে শেখ হাসিনার আমন্ত্রণে খালেদা জিয়ার সাড়া না দেওয়া মস্ত বড় ভুল ছিল। প্রধানমন্ত্রী আপনি তখন পেরেছিলেন, এখন কেন পারবেন না? আপনি কি সন্তু লারমার সঙ্গে আলোচনা করেননি?’
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেন, ‘মাইট্যা মন্ত্রীরা বলে যে যারা আলোচনার কথা বলে তারা দেশের শত্রু। আমি তো বেগম জিয়ার সাথে আলোচনার কথা বলিনি। আমি বলেছি, প্রয়োজনে আপনাকে চাড়ালের সাথেও আলোচনা করা লাগতে পারে। কারণ, আপনি প্রধানমন্ত্রী।’
‘সংলাপ হবে না’—প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের এমন মন্তব্যের কথা উল্লেখ করে কাদের সিদ্দিকী বলেন, ‘মামাগো, তোমাকে কত কোলে নিছি। তোমার মাকে সৎ পরামর্শ দাও।’ আর তারেক রহমানকে উদ্দেশ করে কাদের সিদ্দিকী বলেন, ‘তুমি বঙ্গবন্ধুকে বলো রাজাকার। সে যদি রাজাকার হয়, তাহলে তোমার বাবা মহারাজাকার।’
কাদের সিদ্দিকী বলেন, ‘ইনু ভাই কথা বললে শরীরটা চিড়চিড় করে। তার গণবাহিনী ছিল মানুষ মারা বাহিনী। ওই বাহিনীর নেতা যদি আইনশৃঙ্খলার কথা বলে তাহলে মানুষ মানবে?’
সমাবেশে আরও বক্তব্য দেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।