'শান্তির দ্বীপ হিসেবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ'

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ শান্তির দ্বীপ হিসেবে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম।
আজ শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য নিয়ে ‘তোমার কীর্তি মোদের গর্ব’ শীর্ষক এক সংবাদচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় তিনি বক্তব্য দেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন শান্তির দ্বীপ হিসেবে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই দুজন বিদেশিকে হত্যা করা হলো। পুলিশের ওপর নতুন করে হামলা চালানো হলো।’
নাসিম বলেন, ‘পাঁচ দিন ধরে হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজার উৎসব শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। একটা ঘটনাও ঘটে নাই। কিন্তু হঠাৎ করে মধ্যরাতে তাজিয়া মিছিলের ওপর এই হামলা কেন? তার অর্থ হলো খুব তাড়াতাড়ি একাত্তরের দুজন ঘাতকের দণ্ড কার্যকর হতে যাচ্ছে।’
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘একজন নেতা বা নেত্রী বিদেশে বসে হয়তো-বা দেশকে অস্থিতিশীল করার জন্য চক্রান্ত চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। যে সাহসী, সে সামনে এসে লড়াই করে। বিদেশে বসে যে লড়াই করে, চক্রান্ত করে, সে কাপুরুষ। আওয়ামী লীগ এমন একটা সংগঠন যারা সামনে থেকে লড়াই করতে পছন্দ করে। বিদেশে বসে লড়াই করে না। লড়াই করতে চাইলে সামনে আসেন। বিদেশে বসে ষড়যন্ত্র করবেন না।’
খালেদা জিয়ার উদ্দেশে আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য আরও বলেন, ‘আপনাদের সঙ্গে আবার লড়াই হবে ২০১৯ সালে। সেই লড়াইয়ে আওয়ামী লীগ জয়ী হবে ইনশাল্লাহ।’
সভাপতির বক্তব্যে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেন, ‘যুবলীগ শুধু মিছিল-মিটিং-স্লোগানে বিশ্বাস করে না। জ্ঞানচর্চার মাধ্যমে একটি আলোকিত যুব সমাজ বিনির্মাণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।’
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন সাংসদ গাজী গোলাম দস্তগীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের প্রভোস্ট নাজমা শাহীন, মুহসীন হলের প্রভোস্ট নিজামুল হক ভূঁইয়া ও যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ।