‘সাংবাদিক শামছুর রহমান হত্যা মামলা নিয়ে রাজনীতিকীকরণ হয়েছে। যে কারণে ১৪ বছরেও এ নৃশংস হত্যার বিচার হয়নি।’
যশোরের প্রথিতযশা সাংবাদিক দৈনিক জনকণ্ঠ-এর বিশেষ প্রতিনিধি শামছুর রহমানের ১৪তম হত্যাবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় কথাগুলো বলেছেন যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আমিরুল আলম খান। যশোর সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে গতকাল বুধবার যশোর প্রেসক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
আমিরুল আলম খান আরও বলেন, রাজনৈতিক সদিচ্ছার অভাবে সাংবাদিক শামছুর রহমান হত্যার বিচার হয়নি। তা ছাড়া তদন্তের নামে যে প্রহসন করা হয়েছে, তাতে ওই অভিযোগপত্রে আর কখনো মামলার সুষ্ঠু বিচার হবে বলেও মনে হয় না।
যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজ্জাদ গনি খানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি এমরাম-উদ-দ্দৌলা, যশোর প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, নিহত সাংবাদিক শামছুর রহমানের সহধর্মিণী সেলিনা আকতার, সাংবাদিক ফখরে আলম প্রমুখ।
গতকাল নানা কর্মসূচির মধ্য দিয়ে শামছুর রহমানের হত্যাবার্ষিকী পালিত হয়। বেলা ১১টায় কালো ব্যাজ ধারণ ও শোকসভা করে কারবালা কবরস্থানে নিহতের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।