'শামীম ওসমান অন্যের ওপর দোষ চাপাচ্ছেন'
নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ আইনজীবী মাহবুবুর রহমান বলেছেন, সাত খুনের দায় থেকে শামীম ওসমান নিজে বাঁচতে এখন নূর হোসেন, র্যাব, মন্ত্রী মায়া, আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাসের ওপর দোষ চাপাচ্ছেন। সাতজনকে অপহরণের পরে শামীম ওসমান যদি নূর হোসেনকে আশ্রয় না দিতেন তাহলে হয়তো পুলিশ তাঁকে (নূর হোসেন) গ্রেপ্তার করতে সক্ষম হতো।
নারায়ণগঞ্জে প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাত খুনের প্রতিবাদে জেলা আইনজীবী সমিতি আজ বৃহস্পতিবার দুপুরে আদালতপাড়ায় সমাবেশ, মিছিল করেছে। সমাবেশে দেওয়া বক্তব্যে মাহবুবুর রহমান এসব কথা বলেন।
ওই জ্যেষ্ঠ আইনজীবী বলেন, সাতজনকে অপহরণের পরপর শামীম ওসমান নূর হোসেনকে নিয়ে দুপুর থেকে রাত ১১টা পর্যন্ত রাইফেলস ক্লাবে অবস্থান করেন। এতেই প্রমাণিত হয় তিনি নূর হোসেনকে রক্ষার চেষ্টা করেছেন।
বার লাইব্রেরির সামনে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন খান, সাধারণ সম্পাদক জাকির হোসেন, আওলাদ হোসেন, নবী হোসেন, আবদুল হামিদ ভাসানী প্রমুখ বক্তব্য দেন।
সমাবেশে সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন খান বলেন, সাতজনকে অপহরণের পরপর অভিযোগ করা সত্ত্বেও পুলিশ প্রধান আসামি নূর হোসেনকে গ্রেপ্তার করেনি। অপহরণ, হত্যাকাণ্ডের পরও নূর হোসেন দীর্ঘদিন নারায়ণগঞ্জে অবস্থান করে। কিন্তু পুলিশ তখন রহস্যজনক কারণে নিষ্ক্রিয় ছিল। এখন নূর হোসেনকে গ্রেপ্তারে ইন্টারপোলের সহায়তা চেয়ে চিঠি দিয়েছে পুলিশ।