'শামীম ওসমানের বক্তব্য কুৎসিত ঔদ্ধত্যপূর্ণ'
সাংবাদিক ও গণমাধ্যম সম্পর্কে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের বক্তব্যকে ‘কুৎসিত, ঔদ্ধত্যপূর্ণ ও বর্বরোচিত’ আখ্যায়িত করে এর প্রতিবাদ ও নিন্দা করেছে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ও নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন (এনইউজে)৷
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কবি হালিম আজাদ, সাধারণ সম্পাদক খন্দকার শাহ্ আলম এবং নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাফিজ আশরাফ ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন গতকাল শনিবার এক বিবৃতিতে এ প্রতিবাদ ও নিন্দা জানান৷
বিবৃতিতে বলা হয়, যখনই সাংবাদিকেরা নানা অপরাধ, সন্ত্রাসী কার্যক্রম, জনগণের ওপর নেমে আসা নির্যাতনের চিত্র তুলে ধরে সংবাদ করছেন, তখনই এভাবে তাঁদের ওপর আক্রমণ করা হচ্ছে৷ সাংবাদিকদের দায়িত্ব পালনের ক্ষেত্রে অতীতেও আক্রমণ ও বিষোদ্গার হয়েছে৷ কিন্তু কোনো রক্তচক্ষু কিংবা সমাজবিরোধী সন্ত্রাসীদের অপকর্মকে ভয় পায়নি সাংবাদিক সমাজ৷ গণমাধ্যম ও সংবাদকর্মীরা ভবিষ্যতেও যেকোনো অপতৎপরতাকে মোকাবিলা করে জনগণের পাশে থেকে দায়িত্ব পালন করবেন বলে তাঁরা আশা প্রকাশ করেন৷
দেশের সর্বস্তরের এবং সারা দেশের সাংবাদিক ও গণমাধ্যমকে শামীম ওসমানের এ ধরনের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানানোর আহ্বান জানানো হয় বিবৃতিতে৷ বিজ্ঞপ্তি৷