‘শাস্তি’ ও ‘মামলা প্রত্যাহারের’ দাবিতে পাল্টাপাল্টি মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ীতে গৃহবধূ বিনোদিনী দেবী হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের ‘দৃষ্টান্তমূলক শাস্তি’ এবং ‘মিথ্যা মামলা প্রত্যাহারের’ দাবিতে গতকাল বুধবার পাল্টাপাল্টি মানববন্ধন হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পৃথকভাবে স্মারকলিপিও দেওয়া হয়েছে।পুলিশ সূত্র জানায়, উপজেলার সাগরনাল ইউনিয়নের বাবুসিংহ গ্রামের বাসিন্দা পঞ্চমণি সিংহ (২৮) তিন বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে কমলগঞ্জ উপজেলার ছনগাঁও গ্রামের বিনোদিনীকে (২০) বিয়ে করেন। পঞ্চমণি ট্রাক চালাতেন। তৃপ্তি নামে তাঁদের দুই বছরের এক কন্যাসন্তান আছে। গত ১৪ আগস্ট শ্বশুরবাড়ি থেকে পুলিশ বিনোদিনীর লাশ উদ্ধার করে। যৌতুক না পেয়ে বিনোদিনীকে হত্যা করা হয়েছে বলে তাঁর বাবা খাম্বাতন সিংহ বাদী হয়ে পঞ্চমণি ও তাঁর মা পিশক দেবীকে (৫০) আসামি করে ওই দিন রাতে জুড়ী থানায় মামলা করেন। পরে ময়নাতদন্তের প্রতিবেদনে বিনোদিনীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়। এর পরিপ্রেক্ষিতে পুলিশ গত ৬ সেপ্টেম্বর পঞ্চমণিকে গ্রেপ্তার করে। অপর আসামি পিশক দেবী পলাতক।আয়োজক ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, পঞ্চমণি ও তাঁর মায়ের নামে দায়ের করা মামলাকে ‘মিথ্যা ও সাজানো’ উল্লেখ করে তা প্রত্যাহারের দাবিতে গতকাল সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন হয়। মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত বক্তব্য দেন দমন সিংহ, গোপেশ্বর সিংহ, যুবলীগের নেতা সিবেন সিংহ, ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা তজই মিয়া প্রমুখ।