'শাহ আবদুল করিম: জীবন ও গান' বইয়ের প্রকাশনা অনুষ্ঠান আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমা থেকে প্রকাশিত লোকসংস্কৃতি গবেষক সুমনকুমার দাশের লেখা শাহ আবদুল করিম: জীবন ও গান বইয়ের প্রকাশনা অনুষ্ঠান আজ শনিবার সিলেটে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বই নিয়ে আলোচনার পাশাপাশি প্রয়াত বাউল সাধক শাহ আবদুল করিমের শিষ্যরা গান পরিবেশন করবেন।
আয়োজক সূত্রে জানা গেছে, বেলা চারটায় সিলেট নগরের বন্দরবাজার এলাকার সিলেট সিটি করপোরেশনের মিলনায়তনে এ অনুষ্ঠান শুরু হবে। শুরুতেই থাকবে বইয়ের ওপর আলোচনা। এ পর্বে সভাপতিত্ব করবেন প্রকাশনা অনুষ্ঠান উদ্যাপন পর্ষদের সভাপতি তুষার কর। নির্ধারিত আলোচক হিসেবে থাকবেন কবি-সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম, ডক্টর মোস্তাক আহমাদ দীন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক সরকার সোহেল রানা।
প্রকাশনা অনুষ্ঠান উদ্যাপন পর্ষদের সদস্যসচিব মইনুদ্দিন আহমদ জালাল জানান, প্রথম পর্বে আলোচনা সভা শেষে দ্বিতীয় পর্বে প্রয়াত বাউল সাধকের শিষ্যদের পরিবেশনায় বাউল গানের আসর হবে।
উল্লেখ্য, ২০১৬ সালের ১৫ ফেব্রুয়ারি শাহ আবদুল করিমের জন্মের শতবর্ষ পূর্ণ হবে, এরই পরিপ্রেক্ষিতে প্রথমা বইটি প্রকাশ করেছে। এ বইয়ে লেখকের নির্মোহ ও নিবিষ্ট দৃষ্টিতে বাউল গানের কিংবদন্তি নায়কের জীবন ও কর্মগাথা উপস্থাপিত হয়েছে।