‘শাহ আবদুল করিমের গান আমাদের বাতিঘর’
বাংলা লোকগানের অগ্রগণ্য সাধকদের অন্যতম বাউলসম্রাট শাহ আবদুল করিম। অসম্ভব জনপ্রিয় ও তথ্যবহুল গানের পাশাপাশি তিনি রচনা করে গেছেন অজস্র গণসংগীত, যা সারস্বতসমাজ কর্তৃক প্রশংসিত হয়েছে। তাঁর সৃষ্টি প্রত্যেক বাঙালির কাছে অমূল্য সাংস্কৃতিক চিহ্নায়ক হিসেবে স্বীকৃত। আত্মবিস্মৃতির এই অন্ধকার প্রহরে তাঁর গান আমাদের বাতিঘর—আমাদের চূড়ান্ত আশ্রয়। গতকাল মঙ্গলবার বাউলসম্রাটের ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেটে সংস্কৃতি-গবেষণাধর্মী সংগঠন ‘শিকড়’ ও ‘সহজিয়া’ আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। সিলেট জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গতকাল সন্ধ্যায় আলোচনা সভা ও বাউলগানের আসর হয়। অনুষ্ঠানের শুরুতে নিরঞ্জন দের পরিচালনায় তৈরি বাউলসম্রাটের জীবদ্দশায় সাক্ষাৎকারধর্মী তথ্যচিত্র ‘কেমনে চিনিব তোমারে’ প্রদর্শন করা হয় চারুবাকের সৌজন্যে। শিকড়ের সভাপতি কবি শুভেন্দু ইমামের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তৃতা দেন সহজিয়ার আহ্বায়ক অম্বরীষ দত্ত। বাউলসম্রাটের জীবন ও কর্মের ওপর আলোচনা করেন আরশ আলী, কবি মোস্তাক আহমদ দীন, কবি জফির সেতু।আলোচনা পর্বের পরপরই শাহ আবদুল করিমের ‘তুমি বিনে আকুল পরাণ...’ গান দিয়ে শুরু হয় বাউলসম্রাটের গানের আসর।