‘মাদ্রাসাছাত্র শাহজামাল আমাকে ধর্ষণ বা নির্যাতন করেননি। আমি রাগ করে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলাম নিজে স্বাবলম্বী হওয়ার জন্য।’শেরপুরের শ্রীবরদী থানার চৈতাজানী গ্রামের নির্যাতিত স্কুলছাত্রী গত শনিবার রাতে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে সাংবাদিকদের কাছে এ বক্তব্য দেয়। ঘটনার বর্ণনা দিয়ে মেয়েটি বলে, ‘তিন দিন ঢাকায় ছিলাম। ঢাকা যাওয়ার আগে শেরপুরের ব্রহ্মপুত্র নদের সেতুর নিচে নদীভাঙা এক পরিবারের ঘরে যাই। সেখানে আমার অনুরোধে একটি মেয়ে আমারই দেওয়া ব্লেড দিয়ে আমার মাথার চুল কেটে দেয়। তিন দিন পর ঢাকায় থেকে গ্রামের বাড়িতে ফিরে এলে আমার এক জেঠাতো ভাই, এক মেম্বার ও অন্য কয়েকজন এলাকাবাসীর চাপে ও ভয়ে আমার বাবা শাহজামাল ও তাঁর পরিবারের অন্যান্যদের বিরুদ্ধে শ্রীবরদী থানায় মামলা করেন।’এ সময় শেরপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. সালাহ উদ্দিন সিকদার, সদর থানার ওসি মো. আকরাম হোসেন, শ্রীবরদী থানার ওসি মো. মোস্তাছিনুর রহমান, মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মো. জহুর হোসেন, নদীভাঙা পরিবারের দুই সদস্য বিল্লাল হোসেনের স্ত্রী রোজিনা (৩০) ও তাঁর ননদ শিখা উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকদের সামনে ছাত্রীটির মাথার কর্তন করা চুলও দেখানো হয়। ছাত্রীটি তার বক্তব্যে কীভাবে বাড়ি থেকে বের হয়েছিল এবং ঢাকাসহ কোন কোন স্থানে অবস্থান করেছিল, তারও পুরো বর্ণনা দেয়। স্কুলছাত্রীকে ‘ধর্ষণ ও মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনার’ মামলার প্রধান আসামি মো. শাহজামালকে গ্রেপ্তারের মাত্র ২৪ ঘণ্টা পর ছাত্রীটির এমন বক্তব্যে মামলাটি নতুন মোড় নিয়েছে। ২৬ জুন শ্রীবরদী থানায় মেয়েটির বাবার করা মামলায় অভিযোগ এবং ২৮ জুন জেলা শহরের মামার বাড়িতে অবস্থানকালে সাংবাদিকদের সামনে দেওয়া ছাত্রীর বক্তব্যের সঙ্গে গত শনিবার রাতে দেওয়া বক্তব্যের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। গতকাল রোববার দুপুরে ঘোনাপাড়া গ্রামে ছাত্রীটির বাড়িতে গেলে তার মা বলেন, তাঁর মেয়েকে অপহরণের তিন দিন পর অজ্ঞান অবস্থায় একটি অটোরিকশায় করে বাড়ির সামনে ফেলে রেখে যাওয়া হয়। এরপর মেয়ের জ্ঞান ফিরলে তার বর্ণনা অনুযায়ী এবং স্থানীয় এলাকাবাসীর পরামর্শক্রমে গত ২৬ জুন মেয়ের বাবা থানায় মামলা করেন। কারও চাপে বা ভয়ে তাঁর স্বামী থানায় মামলা করেননি। অপরদিকে শাহজামালের চৈতাজানী গ্রামের বাড়িতে গেলে তাঁর চাচাতো বোন মোরশেদা বেগম বলেন, তাঁর ভাই সম্পূর্ণ নির্দোষ। ঘটনার দিন ও সময়ে তাঁর ভাই ব্যবসার কাজে ব্যস্ত ছিলেন। কোনো মেয়েকে তাঁদের বাড়িতে আটকে রাখার বা ধর্ষণের ঘটনা ঘটেনি। শ্রীবরদী থানার ওসি মোস্তাছিনুর রহমান বলেন, ছাত্রীটির দেওয়া বক্তব্য অনুযায়ী তার মাথার কর্তন করা চুল উদ্ধার করা হয়েছে। এ ঘটনার দুই সাক্ষী রোজিনা ও শিখা শেরপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নুরুল আলম মোহাম্মদ নিপুর আদালতে গতকাল জবানবন্দি দিয়েছেন। ছাত্রীটির দেওয়া বক্তব্য যাচাই-বাছাই করা হচ্ছে। গত ২০ জুন চৈতাজানী গ্রামে এক মেধাবী স্কুলছাত্রীকে ধর্ষণ ও নির্যাতনের মাধ্যমে মাথা ন্যাড়া করে দেওয়ার খবর পাওয়া যায়।