৪২ বছর ধরে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে সোচ্চার রয়েছে বাংলার প্রগতিশীল শক্তি। আর শাহবাগের তরুণ প্রজন্ম এ দাবিকে জনমানুষের দাবিতে পরিণত করেছে। তারুণ্যের শক্তিকে বুকে ধারণ করে দাবি আদায়ের এ আন্দোলনে তাই ঐক্যবদ্ধ হতে হবে। গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অনুষ্ঠিত সমাবেশে ছাত্র ইউনিয়নের সাবেক ও বর্তমান নেতারা এ আহ্বান জানিয়েছেন। ‘শাহবাগের অগ্নস্ফুিলিঙ্গ জ্বলুক মানস চেতনায়’—এ স্লোগান ধারণ করে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি ওই সমাবেশের আয়োজন করে।সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, বিএনপির ছত্রচ্ছায়ায় থেকে এবং আওয়ামী লীগের দুর্বলতার সুযোগে জামায়াত-শিবির দেশব্যাপী সহিংস আক্রমণ চালাচ্ছে। স্বাধীনতাবিরোধীদের পক্ষ নিয়ে বিএনপি প্রমাণ করেছে তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নয়। আর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় কাদের মোল্লার ফাঁসি না হওয়ায় প্রমাণিত হয়েছে, তাদের (জামায়াত-শিবির) প্রতি সরকার দুর্বল।সংগঠনের সাবেক সভাপতি মাহবুব জামান বলেন, মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধা কোনো স্থির বিষয় নয়। বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্নভাবে এ বিষয়টি মানুষের সামনে আবির্ভূত হয়। শাহবাগের গণজাগরণ মঞ্চের তারুণ্যের জোয়ার তা প্রমাণ করেছে। সাবেক সভাপতি আনোয়ারুল হক বলেন, এ সংগ্রাম পরাজিত হবে না। এর মধ্য দিয়ে নতুন কিছু প্রস্ফুটিত হবেই। তিনি বলেন, প্রগতিশীলতা সামাজিক শক্তি হিসেবে বাংলার বুকে জাগ্রত আছে। ছাত্র ইউনিয়ন আলোর মশাল জ্বেলে সে শক্তিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। সমাবেশে ঘোষণাপত্র পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক হাসান তারেক। আলোচনায় অন্যান্যের মধ্যে ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি লুনা নূর, ছাত্র ইউনিয়নের বর্তমান সভাপতি এস এম শুভ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মঞ্জুর মঈন প্রমুখ বক্তব্য দেন। সমাবেশ শেষে রাজু ভাস্কর্য থেকে একটি মশাল মিছিল বের হয়।