‘শাহবাগের তরুণদের প্রাণের স্পন্দন পেয়েছি’
‘সাম্প্রতিক সময়ে জামায়াত-শিবির বা ১৮ দলের ডাকা হরতালে সারা দিন টেলিভিশনের পর্দায় একটু পর পর যে রকম নৃশংসতার ছবি দেখেছি, আজ (গতকাল সোমবার) তা খুবই কম দেখা গেছে। উল্টো শাহবাগের তরুণদের প্রাণের স্পন্দন শুনতে পেয়েছি।’ কথাগুলো ময়মনসিংহ শহরের অবসরপ্রাপ্ত বেসরকারি উন্নয়নকর্মী শামছুন নাহারের।গতকাল ময়মনসিংহে জামায়াত-শিবিরের হরতালে সাধারণ মানুষের তেমন সাড়া না দেওয়ার কারণ জানতে চাইলে এসব কথা বলেন শামছুন নাহার। এ ছাড়া ৭০ বছর বয়সী এক পথচারী বলেন, ‘আমরা পারি না, সরকারও পারে না। তরুণেরা পারে।’ হরতালে রাস্তায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের না থাকার কারণ হিসেবে ময়মনসিংহের সাধারণ মানুষ শাহবাগের প্রজন্ম চত্বরের গণজাগরণকেই প্রাধান্য দিচ্ছেন। তাঁদের ধারণা, ওই গণজাগরণের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সারা দেশে জামায়াত-শিবিরবিরোধী যে মানসিকতা তৈরি হয়েছে, সেই ভয়েই পিকেটাররা মাঠে নামতে সাহস পাননি।ময়মনসিংহে গতকাল হরতালের সমর্থনে কোনো মিছিল চোখে পড়েনি। সকালে শহরের আন্তজেলা বাস টার্মিনাল থেকে কোনো বাসও ছেড়ে যায়নি। তবে শহরে চলাচলকারী মানুষের মনে অনেকটা স্বস্তি দেখা গেছে। বেলা তিনটার দিকে শহরের পাটগুদাম এলাকায় কথা হয় নাজমুল হক নামের একজন ক্ষুদ্র ব্যবসায়ী সঙ্গে। তিনি বলেন, ‘দেশের তরুণ প্রজন্ম আবার জেগেছে দেখে খুব ভালো লাগছে। বিগত দিনে সরকার সারা দেশে নিরাপত্তাবলয় দিয়েও হরতালে জামায়াত-শিবিরের নাশকতা দমন করতে পারেনি। এবার শাহবাগের তরুণদের ডাকে তা অনেকটাই সম্ভব হয়েছে।’