'শি জিনপিংয়ের ঢাকা সফর হবে সম্পর্কের ক্ষেত্রে মাইলফলক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আসন্ন ঢাকা সফর দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ‘মাইলফলক’ হবে। চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী কং জুয়ানিউ গতকাল সোমবার বেইজিংয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। তাঁকে উদ্ধৃত করে চীনের সরকারি দৈনিক গ্লোবাল টাইমস এ খবর প্রচার করেছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং এশিয়ার দেশগুলোর সঙ্গে সে দেশের সম্পর্ক দেখভালের দায়িত্বে নিয়োজিত আছেন সহকারী পররাষ্ট্রমন্ত্রী কং জুয়ানিউ। তাঁর মতে, শি জিনপিংয়ের সফরটি হবে দুই দেশের সম্পর্কের একটি ‘মাইলফলক’। এই সফরের জন্য দুই পক্ষ বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক চূড়ান্ত করছে এবং এ সফরের মধ্য দিয়ে সম্পর্ক আরও জোরদার হবে।
ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, শি জিনপিং দুই দিনের সফরে ১৪ অক্টোবর সকালে কম্বোডিয়ার রাজধানী নমপেন
থেকে ঢাকায় আসছেন। ঢাকা সফরের সময় তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে দেখা করবেন। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন শি জিনপিং।
গত তিন দশকের মধ্যে শি জিনপিং হতে যাচ্ছেন বাংলাদেশ সফরকারী চীনের প্রথম প্রেসিডেন্ট।