‘শিকার ও সাক্ষীদের সুরক্ষায় কঠোর গোপনীয়তা প্রয়োজন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ধর্ষণের শিকার নারী ও সাক্ষীদের সুরক্ষায় কোনো কোনো ক্ষেত্রে কঠোর গোপনীয়তা অবলম্বন করতে হবে। এ জন্য প্রয়োজনে ট্রাইব্যুনাল আইনের কার্যপ্রণালি বিধিতে পরিবর্তন আনা দরকার।গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের ইয়েল ল স্কুলের ভিজিটিং প্রফেসর লরেল ই ফ্লেচার রাজধানীতে আয়োজিত এক গোলটেবিলে এ সুপারিশ করেন। রাজধানীর সিরডাপ মিলনায়তনে মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত ‘অ্যাকাউন্টেবিলিটি অব সেক্সুয়াল ভায়োলেন্স অব নাইনটি সেভেন্টি ওয়ান অ্যান্ড বাংলাদেশ ট্রায়াল’ শীর্ষক ওই গোলটেবিল বৈঠকে অধ্যাপক ফ্লেচার ও তাঁর তত্ত্বাবধানে দুজন গবেষক একটি প্রতিবেদন উপস্থাপন করেন।লরেল ই ফ্লেচার বলেন, তাঁরা আন্তর্জাতিক অপরাধ আদালত, কম্বোডিয়া, রুয়ান্ডা, সাবেক যুগোস্লাভিয়া, সিয়েরা লিওন ও লেবাননে মানবতাবিরোধী অপরাধের বিচারে কীভাবে নির্যাতিত ব্যক্তি ও সাক্ষীদের সুরক্ষা দেওয়া হয়েছে, তা খতিয়ে দেখেছেন। বাংলাদেশ এ থেকে নিজেদের জন্য একটি যুক্তিযুক্ত পথ খুঁজে নিতে পারে।প্রতিবেদনে বলা হয়, গুরুতর ঝুঁকি রয়েছে এমন ঘটনায় সংশ্লিষ্টদের স্থানান্তর করতে হতে পারে। পরিচিতি গোপন রাখতে প্রয়োজনে আদালতের কর্মকাণ্ডের ছবি বা কথোপকথন রেকর্ড করা নিয়ন্ত্রণ করা উচিত। গবেষকেরা অভিযুক্ত ব্যক্তিদের পক্ষে যাঁরা সাক্ষ্য দিতে আসবেন, তাঁদেরও সুরক্ষা দেওয়ার সুপারিশ করেছেন।গোলটেবিল বৈঠকে উপস্থিত আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘সরকার সাক্ষী সুরক্ষা আইন করছে। ১৯৭২ সালের দালাল আইনে ৭৫২ জনের বিচার হয়েছিল। তখন নির্যাতনের শিকার ও সাক্ষীদের নিরাপত্তা নিয়ে কোনো চিন্তা করতে হয়নি। এখন যুদ্ধাপরাধীরা অনেক সংঘবদ্ধ।’আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ টিপু বলেন, ‘ধর্ষণের শিকার চার লাখ নারীর মধ্যে অনেকেই বিচার-প্রক্রিয়ায় যুক্ত হবেন। তাঁরা যেন সব রকম ত্রাস ও শঙ্কার ঊর্ধ্বে থাকতে পারেন, সে জন্য সর্বোচ্চ সহযোগিতা দিতে হবে।’বৈঠকে অনেকেই ৪০ বছর পর ধর্ষণের ঘটনা প্রমাণের সম্ভাব্য জটিলতা ও বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে ধর্ষণের শিকার নারীদের এগিয়ে আসার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, বাংলাদেশের তদন্ত কমিটির সদস্য মনোয়ারা বেগম বলেন, তিনি এমন অনেক ধর্ষিতা নারীকে পেয়েছেন, পাকিস্তানি সেনাবাহিনীর লোকজন ও তাদের সহযোগীরা যাঁদের অঙ্গ-প্রত্যঙ্গ কেটে দিয়েছিল। এরপর আর কোনো তথ্য-প্রমাণের দরকার পড়ে না।আলোচনায় অংশ নেন মুক্তিযুদ্ধে জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারিক আলী, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, তদন্তকারী সংস্থাগুলোর সমন্বয়ক আবদুল হান্নান খান, ওয়ার ক্রাইম ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির এম হাসান, বাংলাদেশ মহিলা পরিষদের ফওজিয়া মোসলেম প্রমুখ। সঞ্চালনায় ছিলেন ট্রাস্টি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক।