
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীর হত্যাকাণ্ডের ঘটনাটি ‘উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেছেন, ‘হত্যাকাণ্ডের ঘটনায় আমরা উদ্বিগ্ন। যথাসম্ভব তদন্ত করে দোষী ব্যক্তিদের বিচারের সম্মুখীন করার জন্য পুলিশ বাহিনীকে অনুরোধ জানানো হয়েছে। এসব হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রবল জনমতও গড়ে তোলা দরকার।’
গতকাল বৃহস্পতিবার সিলেটে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা দেওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে শিক্ষা মন্ত্রণালয়ের তো আর নিজস্ব বাহিনী নেই। তবে এ ধরনের ঘটনা যেন পুনরায় না ঘটে, সে জন্য পুলিশকে নির্দেশনা দেওয়া রয়েছে।’
জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা সিলেট জেলা কমিটির উদ্যোগে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়। সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মনির আহমেদ পাটোয়ারি। এর আগে জেলা জজ আদালত প্রাঙ্গণ হতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে তা নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
‘গরিব-দুঃখীর বিচার পাওয়ার অধিকার বর্তমান সরকারের অঙ্গীকার’ শীর্ষক ওই আলোচনা সভায় আরও বক্তব্য দেন মুখ্য বিচারিক হাকিম সাইফুজ্জামান হীরু, জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ ও দমন আদালতের বিচারক মফিজুর রহমান ভূঁইয়া, নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক বিমল শিকদার, সিলেটের পিপি মিসবাহ উদ্দিন সিরাজ, সরকারি কৌঁসুলি খাদিমুল মিল্লাত জালাল, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ কে এম সামিউল আলম, সাধারণ সম্পাদক শাহ আশরাফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে ২০১৫ সালে অসহায় ও দরিদ্র নারীদের আইনগত সেবা দেওয়ার জন্য আইনজীবী মুহিত লাল ধর ও জ্যোৎস্না বেগমকে পুরস্কৃত করা হয়। এ সময় আয়োজকদের পক্ষ হতে জানানো হয়, এ পর্যন্ত সিলেটে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার মাধ্যমে অন্তত ছয় হাজার দরিদ্র ও ভুক্তভোগী ব্যক্তি আইনসেবা পেয়েছেন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন বিচারক তসলিমা শারমিন।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রত্যেক মানুষ যাতে আইনের মাধ্যমে সুরক্ষিত থাকতে পারে, আইনের শাসন যেন সমাজে প্রতিষ্ঠিত হয়, এ জন্য বর্তমান সরকার নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। আমাদের অনেক ক্ষেত্রে পশ্চাৎপদতা রয়েছে, তবে বিচারব্যবস্থা ইতিমধ্যেই আন্তর্জাতিক মানে পৌঁছেছে। একটি দেশের বিচারব্যবস্থা যত উন্নত হয়, সে দেশ জাতি হিসেবে তত সভ্য হয়।’
নুরুল ইসলাম নাহিদ আরও বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার আন্তর্জাতিক মানে করতে হয়, সেটা আমরা করছি। মানবতাবিরোধী ব্যক্তিদের বিচার শুরু হওয়ার পর বহু দেশ থেকে বহু লোক খুঁত ধরতে এসেছিলেন। তাঁরা এসে কেবল বলেছেন, বিচার যেন আন্তর্জাতিক মানের হয়। কিন্তু কেউই বলেননি এটি বিশ্বমানের বিচার হয়নি। আন্তর্জাতিক রীতি ও নিয়ম মেনেই যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, হচ্ছে।’