'শিক্ষককে ধরে নিয়ে যাওয়ার নেতৃত্বে ছিলেন মুঈনুদ্দীন ও আশরাফ'
পলাতক চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ বুধবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। জবানবন্দিতে তিনি বলেছেন, একাত্তরে শেষ দিকে তিনি পত্রপত্রিকার মাধ্যমে জানেন, একটি সংঘবদ্ধ দল শহীদ অধ্যাপক গিয়াস উদ্দীন আহমেদকে ধরে নিয়ে যায়, যার নেতৃত্বে ছিলেন চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আজ সৈয়দ আনোয়ার হোসেনের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাহিদুর রহমান।
জবানবন্দিতে সৈয়দ আনোয়ার হোসেন বলেন, ১৯৭০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রভাষক হিসেবে যোগ দেন। একাত্তরের ২৫ মার্চের কালরাতে তিনি বিশ্ববিদ্যালয়ে ছিলেন। এ সময় তিনি মুহসীন হলের সহকারী আবাসিক শিক্ষক ছিলেন। ২৫ মার্চের ঘটনার পর ২৭ মার্চ তিনি বিশ্ববিদ্যালয় এলাকা ছেড়ে ঢাকার অদূরে এক বন্ধুর বাড়িতে আশ্রয় নেন। জুলাই মাসের শুরুতে বাধ্যতামূলকভাবে বিশ্ববিদ্যালয় খুলে দিলে তিনি বিশ্ববিদ্যালয়ের ক্লাসে আসেন। জুলাই মাসের শেষ দিকে শিক্ষকেরা বিশ্ববিদ্যালয়ে যাঁর যাঁর বাসায় ফিরে আসেন। সেপ্টেম্বর মাস পর্যন্ত অধ্যাপক গিয়াসউদ্দিন তাঁর বাসায় দুই বেলা খেতেন।
রাষ্ট্রপক্ষের সাক্ষী বলেন, তিনি দেখেছেন তাঁদের বিভাগের অনেক মুক্তিযোদ্ধা ছাত্রকে গিয়াস উদ্দিন অর্থ, পোশাক ও ওষুধ দিয়ে সহায়তা করতেন। একাত্তরের ১৪ ডিসেম্বর তিনি ঘুম থেকে উঠে দেখেন বাসায় পানি নেই। তিনি এ সময় মুহসিন হলের উত্তর পাশে পাম্প হাউসে যান। সকাল আটটা বা সোয়া আটটার দিকে সেখানে গিয়াস উদ্দিন এসে পাম্পের লাইন চালু করে দেন। পাম্প হাউস থেকে তিনি, গিয়াস উদ্দিন ও অধ্যাপক জহুরুল হক বের হওয়ার সময় হাউসের সামনে মুখে রুমাল বাঁধা একজন অস্ত্রধারী গিয়াস উদ্দিনের দিকে এগিয়ে এসে ইংরেজিতে জিজ্ঞাসা করে, তিনি গিয়াস উদ্দিন কি না? গিয়াস উদ্দিন হ্যাঁ সূচক জবাব দিলে ওই অস্ত্রধারী তার সঙ্গে যেতে বলে। এ অবস্থায় গিয়াস উদ্দিন ইতস্তত করলে ওই অস্ত্রধারী তাঁর বুকে বন্দুক ঠেকিয়ে নিয়ে যায়। এ সময় আরও একজন অস্ত্রধারী গিয়াস উদ্দিনের পেছনে আসে। তারা গিয়াস উদ্দিনকে হলের পেছন দিক থেকে সামনে নিয়ে যায়। কিছুক্ষণ পরে তাঁরা হলের সামনে এসে শোনেন, একটি কাদামাখা মাইক্রোবাসে করে গিয়াস উদ্দিনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। দুপুরে তিনি আরও শোনেন, একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও কয়েকজন শিক্ষককে ধরে নিয়ে যাওয়া হয়েছে। দেশ স্বাধীনের পর ডিসেম্বর মাসের শেষ দিকে পত্রপত্রিকার মাধ্যমে তিনি জানতে পারেন গিয়াস উদ্দিনকে যারা ধরে নিয়ে গেছে তারা একটি সংঘবদ্ধ দল, যে দলের নেতৃত্বে ছিলেন মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান।
জবানবন্দি শেষে সৈয়দ আনোয়ার হোসেন অসুস্থ বোধ করার কারণে তাঁকে আসামিপক্ষের জেরা সোমবার পর্যন্ত মুলতবি করা হয়।