'শিক্ষকদের অপমান করলে নির্বাচন পার হওয়া যাবে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুনতাসীর মামুন
মুনতাসীর মামুন

‘শিক্ষকদের অপমান করলে নির্বাচন পার হওয়া যাবে না’ বলে মন্তব্য করেছেন ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন। গতকাল বৃহস্পতিবার রাজশাহীতে একক বক্তৃতা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে হাত যে দিয়েছে, তার হাতই পুড়েছে।’
রাজশাহী মেডিকেল কলেজের আমীর উদ্দিন গ্যালারিতে ‘প্রফেসর ড. মুনতাসীর মামুনের একক বক্তব্য’ শিরোনামে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘প্রফেসর ড. মুনতাসীর মামুনের ভক্তবৃন্দ’র ব্যানারে আয়োজিত বক্তৃতা অনুষ্ঠানে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি রাজশাহীর নেতারা, রাজশাহী মহানগর ছাত্রলীগ ও রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন।
তত্ত্বাবধায়ক সরকারের সময় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের গ্রেপ্তার ও রিমান্ডে নিয়ে নির্যাতনের কথা উল্লেখ করে মুনতাসীর মামুন বলেন, ‘তখন কেউ দাঁড়ায়নি, রাজনীতিবিদেরা পালিয়ে গেছে। আমরা কয়েকজন শিক্ষক মিলে, কয়েকজন ছাত্র মিলে দাঁড়িয়ে থেকে প্রতিবাদ জানিয়েছি। সবকিছু অগ্রাহ্য করে পথ সৃষ্টি করে দিয়েছি।’ তিনি আরও বলেন, ‘যাঁরা এখন সচিব থেকে শুরু করে আমলাতন্ত্রে আছেন, তাঁরাই তো পিটিয়েছেন। এই পুলিশই তো আমাদের পিটিয়েছে, আমাদের জেলে নিয়েছে, রিমান্ডে নিয়েছে। আজকে সরকার আমাদের বলে যে আমরা যেন বিসিএস পরীক্ষা দেই। আজকে আমাদের অপমান করা হয়। শিক্ষকদের অপমান করলে নির্বাচনে পার হওয়া যাবে না। বিশ্ববিদ্যালয়ে হাত যে দিয়েছে তার হাতই পুড়েছে। আমি তো মনে করি একজন কৃষিবিদের বেতন আমার থেকে বেশি হওয়া উচিত। তারা দেশটাকে কোথায় নিয়ে গেছে!’
মুনতাসীর মামুন প্রশ্ন রেখে বলেন, ‘একজন প্রাইমারি স্কুলের শিক্ষকের বেতন কেন একজন দারোয়ানের মতো হবে? কেন তাঁদের সঙ্গে আপনারা পিয়নের মতো আচরণ করবেন? যদি তাঁদের সঙ্গে দারোয়ানের মতো আচরণ করেন, আপনার ছেলেমেয়েদেরও দারোয়ানের মনোবৃত্তি হবে।’
প্রখ্যাত এই ইতিহাসবিদ বলেন, গ্রামের মোড়ে চা-বিক্রেতা যে ৫০ বছর ধরে রাজনীতি করছে, যে কোনো দিন একজন জাতীয় নেতার সামনে যেতে পারেনি বা যে অটো মেকানিক বা দরিদ্র রিকশাচালক, কেরানি বা স্কুলের একজন শিক্ষক যে ৪০ বছর ধরে রাজনীতি করছে, কোনো দিন শিক্ষামন্ত্রীর কাছে যেতে পারেনি, তারা আওয়ামী লীগকে বাঁচিয়ে রেখেছে। তাদের মর্যাদা না দিলে কোনো দলই ওপরে উঠতে পারবে না। জনগণের দল হতে পারবে না। ছাত্ররাজনীতিতে আগ্রহীদের উদ্দেশে এই অধ্যাপক বলেন, ‘দৃষ্টিভঙ্গি বদল করতে হবে। নেতা বললেই আপনি মানবেন কেন? আপনাকে প্রশ্ন করতে হবে। এই সাহস যখন আমার ছাত্রদের, তরুণদের হবে, তখনই আমি মনে করি রাজনীতি সঠিক পথে এগোবে। তখনই বঙ্গবন্ধুর জয় হবে। যে সাহসী সেই রাজনীতিতে বীর। যে রাজনীতি করে সমঝোতা করে বিচ্যুত হয়, সে অধার্মিক।’
মুনতাসীর মামুন বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর মিছিলে, মিটিংয়ে গেছি, কই আমাদের তো কেউ একটা টাকা দেয়নি। আজকে কোনো নেতা কমপক্ষে ১০০ টাকা না দিলে মিছিলে আনতে পারে না। এই যদি রাজনীতি হয়, তাহলে সেই রাজনীতি অর্থহীন।’