'শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি ছাড়া গুণগত শিক্ষা অসম্ভব'
গুণগত শিক্ষা ছাড়া জাতির উন্নয়ন সম্ভব নয়। আর শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি ব্যতিরেকে গুণগত শিক্ষা অসম্ভব। তাই আওয়ামী লীগ সরকার যখনই সরকার গঠন করেছে, তখনই শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি করেছেন।
দিনাজপুরের নবাবগঞ্জের সব স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষক ও কর্মচারী ঐক্য পরিষদের আয়োজনে শিক্ষক সমাবেশে গতকাল শুক্রবার প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর-৬ আসনের সাংসদ শিবলী সাদিক এসব কথা বলেন।
ওই সমাবেশে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বজলুর রশীদ। এ ছাড়া উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীপক কুমার বণিক প্রমুখ। দাউদপুর বালিকা উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের প্রভাষক ফিরোজ কবির চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন অধ্যক্ষ ফজলুল হক, প্রধান শিক্ষক দিলীপ কুমার প্রমুখ।
এর আগে সাংসদ শিবলী সাদিকের নেতৃত্বে শিক্ষক-কর্মচারীদের একটি বিশাল শোভাযাত্রা শহরের মূল সড়ক প্রদক্ষিণ করে। পরে শিক্ষক-কর্মচারীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবর একটি ক্রেস্ট সাংসদ শিবলী সাদিকের হাতে তুলে দেওয়া হয়।