'শিক্ষকেরা কোচিং সেন্টারে যতটুকু শ্রম দেন স্কুলে তার সিকিভাগও দেন না'
শিক্ষার মান উন্নয়ন এবং জঙ্গিবাদ ও মাদক নির্মূল বিষয়ে খুলনা নগরের সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে এই মতবিনিময় সভার আয়োজন করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, খুলনা অঞ্চল।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ বলেন, ‘একসময় শিক্ষকতা পেশায় সবচেয়ে মেধাবীরা আসতেন। কিন্তু এখন অনেকে শিক্ষক হওয়ার জন্য এ পেশায় আসেননি, তাঁরা এসেছেন চাকরির দায় মনে করে। তাই শিক্ষা নিয়ে আজ শিক্ষকদের কমিটমেন্টের অভাব পরিলক্ষিত হচ্ছে। তাঁরা কোচিং সেন্টারের জন্য যতটুকু শ্রম দেন, স্কুলের জন্য তার সিকিভাগও দেন না। তাই অভিভাবকেরা ছেলেমেয়েদের কোচিংয়ে দিতে বাধ্য হচ্ছেন। এ সুযোগে কোচিং সেন্টারগুলো রমরমা বাণিজ্য করছে, আর শিক্ষার মান দিন দিন কমছে।’
বিভাগীয় কমিশনার আরও বলেন, ‘আমরা সার্টিফিকেট-সর্বস্ব মানবসম্পদ তৈরি করছি। শিক্ষার্থীদের মানবিকতাসম্পন্ন দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলতে পারছি না। তারা মাদক ও জঙ্গিবাদের মতো ভয়াবহ সামাজিক ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য প্রশাসনের পাশাপাশি শিক্ষকদের ভূমিকা সবচেয়ে বেশি।’
স্কুল চলাকালে কোচিং সেন্টার বন্ধে প্রশাসনের উদ্যোগ অব্যাহত থাকবে উল্লেখ করে বিভাগীয় কমিশনার বলেন, যদি কোনো শিক্ষার্থী নিয়মিত শ্রেণিকক্ষে অনুপস্থিত থাকে, তাহলে তার অভিভাবককে তিনবার নোটিশ দিয়ে চূড়ান্ত ছাড়পত্র দিতে হবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক অধ্যাপক টি এম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আমিন উল আহসান, র্যাব-৬-এর অধিনায়ক খোন্দকার রফিকুল ইসলাম, দুদকের পরিচালক মো. আবুল হাসান, খুলনার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আবুল হোসেন, কেএমপির জ্যেষ্ঠ সহকারী কমিশনার গোপীনাথ বিশ্বাস, প্রেসক্লাবের সভাপতি এস এম হাবিব প্রমুখ।