‘শিক্ষকেরা ক্লাস নিচ্ছেন না, তাই আড্ডা দিচ্ছি’
১৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের অন্যান্য স্থানের মতো জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা ক্লাস বর্জন শুরু করেছেন। বিদ্যালয়গুলোয় তিন দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে। বার্ষিক ও জেএসসি পরীক্ষার আগ মুহূর্তে শিক্ষকেরা এমন কর্মসূচি দেওয়ায় শিক্ষার্থীরা বিপাকে পড়েছে।ক্ষেতলালের বানাইচ মোমিন উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র শাফিউজ্জামান বলে, ‘শিক্ষকেরা ক্লাস নিচ্ছেন না, তাই আমরা ফুলদীঘি বাজারে বসে আড্ডা দিচ্ছি। আগামী ১৩ তারিখ পর্যন্ত স্কুল-টাইমে এভাবে আড্ডা দিয়েই সময় কাটাতে হবে আমাদের।’একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী সুরাইয়া ইয়াসমিন বলে, ‘নভেম্বর মাসে আমাদের জেএসসি পরীক্ষা শুরু হবে। এখন আমাদের প্রতিদিন স্কুলে যাওয়া এবং লেখাপড়া করা খুবই প্রয়োজন। কিন্তু ৮ সেপ্টেম্বর থেকে স্যাররা স্কুলে এলেও আমাদের ক্লাস করাননি।’ বানাইচ মোমিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হান্নান প্রামাণিক বলেন, ‘১৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে ৮ সেপ্টেম্বর থেকে আমরা ক্লাস বর্জন শুরু করেছি।’ এটা তাঁদের আন্দোলনের অংশ বলে জানান তিনি।