‘শিক্ষকেরা ক্লাস নেন না, তাই আমরা রাস্তায় রাস্তায় ঘুরি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শিক্ষকরা আজ আমাদের কোনো ক্লাস নেননি, তাই আমরা রাস্তায় রাস্তায় ঘুরছি। আগামী ১৩ তারিখ পর্যন্ত আমরা এভাবে রাস্তায় ঘুরে সময় কাটাব।’কথাগুলো বলল রাঙামাটির কাপ্তাই উপজেলায় অবস্থিত বরইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ক্যাওচিং মারমা। একই বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী নুরুন নাহার স্কুল ছেড়ে রাস্তায় ঘুরতে বা বাসায় চলে যেতে ভালো লাগে না বলে জানায়।কাপ্তাই উচ্চবিদ্যালয়ের রেশমী আক্তার জানায়, ‘নভেম্বরে আমাদের জেএসসি পরীক্ষা শুরু হবে। এখন আমাদের প্রতিদিন স্কুলে যাওয়া এবং লেখাপড়া করা খুবই প্রয়োজন। কিন্তু গতকাল স্যাররা স্কুলে এলেও আমাদের ক্লাসে আসেননি।’ এ ব্যাপারে জানতে চাইলে কাপ্তাই উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘১৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে গতকাল থেকে আমরা ক্লাস বর্জন শুরু করেছি।’ এটা আন্দোলনের অংশ বলে তিনি জানান। কাপ্তাই উপজেলার ১৪টি বেসরকারি স্কুলের শিক্ষকমণ্ডলী একইভাবে আন্দোলন করছেন বলেও তিনি জানান।চিৎমরম স্কুলের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া বলেন, আন্দোলনের অংশ হিসেবে গতকাল উপজেলার সব বেসরকারি শিক্ষক বরইছড়িতে শহীদ মিনারে দুই ঘণ্টা অবস্থান করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকদের আন্দোলন চলবে বলেও তিনি জানান।