'শিক্ষা খাতকে অস্থিতিশীল করতে গভীর ষড়যন্ত্র হচ্ছে'
শিক্ষা খাতকে অস্থিতিশীল করতে গভীর ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় অধ্যাপক ফরিদ এ অভিযোগ করেন। বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলের প্রাধ্যক্ষের কার্যালয়ে এ সভা হয়।
আগের দিন প্রস্তাবিত অষ্টম জাতীয় বেতনকাঠামো পুনর্নির্ধারণ করে সিলেকশন গ্রেড বহাল ও শিক্ষকদের জন্য আলাদা বেতনকাঠামো প্রবর্তন করাসহ চার দফা দাবিতে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ৮ ও ১৩ সেপ্টেম্বর পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দেয় সংগঠনটি। আগামী বৃহস্পতিবার বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক ও ইলেকট্রনিক মিডিয়ার কর্তৃপক্ষের সঙ্গে শিক্ষকনেতারা মতবিনিময় করবেন।
দীর্ঘ সাড়ে তিন মাসের আন্দোলনে একাধিকবার বিভিন্নভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন উল্লেখ করে গতকালের মতবিনিময়ে ফেডারেশনের সভাপতি বলেন, সরকারের কিছু লোক শান্ত থাকা বিশ্ববিদ্যালয়কে অশান্ত করতে ষড়যন্ত্র করছে। সরকারকে বিপদে ফেলতে প্রধানমন্ত্রীকে ভুল পথে পরিচালিত করা হচ্ছে।
অধ্যাপক ফরিদ উদ্দিন বলেন, ‘আমরা বেতন বাড়ানোর জন্য আন্দোলন করছি না। এটা নিজেদের মর্যাদা রক্ষার আন্দোলন।’
সভায় ফেডারেশনের মহাসচিব এ এস এম মাকসুদ কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী সদস্য এ জে এম শফিউল আলম ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।