‘শিক্ষাঙ্গনে ধর্মভিত্তিক রাজনীতি বন্ধে সরকার বদ্ধপরিকর’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষাঙ্গনে ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ করতে সরকার বদ্ধপরিকর। গতকাল বৃহস্পতিবার বেসরকারি সদস্য দিবসে কুমিল্লার সাংসদ নাছিমুল আলম চৌধুরীর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জীবন ও দক্ষতাভিত্তিক শিক্ষাক্রম নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক স্তরের কারিকুলামে ২০১১ সাল থেকে কার্যকর হবে।অন্য এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, দেশে ৩১টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং সরকার অনুমোদিত ৫১টি বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে। পুরোনো জেলাগুলোর মধ্যে ফরিদপুর ও বগুড়া ছাড়া সব জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় আছে। ফরিদপুরের পরিবর্তে গোপালগঞ্জে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ চলছে। বগুড়া জেলায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে।সংরক্ষিত মহিলা আসনের সদস্য অপু উকিলের এক প্রশ্নের জবাবে নাহিদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়—দেশে এই চারটি স্বায়ত্তশাসিত পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় আছে।অপু উকিলের আরেক প্রশ্নের জবাবে নুরুল ইসলাম নাহিদ বলেন, দেশে ‘সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় কলেজ’ বলে কোনো কলেজ নেই। বর্তমানে ৪৮টি সরকারি কলেজে অনার্স ও মাস্টার্স কোর্স, ২৫টি কলেজে শুধু অনার্স কোর্স এবং দুটি কলেজে শুধু মাস্টার্স কোর্স চালু আছে।সংসদ অধিবেশন আগামী রোববার বিকেল পাঁচটা পর্যন্ত মুলতবি করা হয়েছে।