'শিক্ষাঙ্গনে সন্ত্রাস সরকারের সৃষ্টি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছে ছাত্রদল। শিক্ষাঙ্গন থেকে সরকার-সমর্থক ছাত্রদের সন্ত্রাস বন্ধ এবং অপরাধীদের আইনের আওতায় এনে পড়াশোনার পরিবেশ ফিরিয়ে আনারও দাবি জানানো হয়।
শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ ও সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গনের দাবিতে চট্টগ্রাম মহানগর ছাত্রদল গতকাল রোববার বেলা ১১টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। তখন বক্তারা এ দাবি জানান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন।
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি মাঈনুদ্দিন মো. শহীদের সভাপতিত্বে কর্মসূচিতে কেন্দ্রীয় ছাত্রদলের সহসাধারণ সম্পাদক এস এম সালাহউদ্দিন, সহসাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, নগর ছাত্রদলের সহসভাপতি জসীমউদ্দিন চৌধুরী প্রমুখ বক্তৃতা করেন।
শাহাদাত হোসেন বলেন, ‘দেশ এভাবে চলতে থাকলে শহীদ জিয়ার স্বনির্ভর বাংলাদেশ তলাবিহনী ঝুড়িতে পরিণত হবে। সরকারের দুর্নীতি, দুঃশাসনে দেশের মানুষ আজ অতিষ্ঠ। শিক্ষাঙ্গনে সন্ত্রাস এই অবৈধ সরকারের সৃষ্টি। দেশের প্রায় সব শিক্ষাঙ্গন এখন সরকারদলীয় সন্ত্রাসীদের দখলে।’
শাহাদাত হোসেন বলেন, ‘ফরমালিন দিয়ে বিএনপিকে তাজা রাখা নয়, বরং এ অবৈধ সরকারই আইসিইউতে থেকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস নিয়ে বেঁচে আছে। খালেদা জিয়া আন্দোলনের কর্মসূচি দেবেন। তখন এই অবৈধ সরকারকে হঠাতে হবে।’