‘শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্টকারীদের কঠোর হাতে দমন করা হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নষ্টের সঙ্গে জড়িত ব্যক্তিদের কঠোর হাতে দমন করা হবে। শিক্ষাঙ্গনে অস্ত্র হাতে কোনো ক্যাডার আমরা দেখতে চাই না। এসব সন্ত্রাসীর জন্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নষ্ট হতে দেওয়া হবে না। কারণ এসব মুষ্টিমেয় স্বার্থান্বেষী সন্ত্রাসীর কারণে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়।ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত সোমবার জাতীয়তাবাদী ছাত্রদলের দুই পক্ষের অভ্যন্তরীণ সংঘর্ষ নিয়ে গতকাল জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। এ সময় সাংসদেরা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে স্বাগত জানান।স্বরাষ্ট্রমন্ত্রী গত সোমবারের সংঘর্ষের ঘটনার উল্লেখ করে বলেন, ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু অস্ত্রসজ্জে সজ্জিত ক্যাডারদের নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করলে সংগঠনের পদবঞ্চিত অংশ তাদের ধাওয়া করে। ছাত্রদলের বিবদমান দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সশস্ত্র দুই গ্রুপের সংঘর্ষ থামাতে গিয়ে শাহবাগ থানার ওসিসহ কয়েকজন পুলিশ কর্মকর্তা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ কয়েকজন আহত হন। নিজেরা হানাহানি করে আবার তারাই বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘটের ডাক দেয়, যা প্রথম আলো, ইত্তেফাকসহ বিভিন্ন সংবাদপত্রে ছবিসহ প্রকাশিত হয়েছে।