‘শিক্ষাতরি’ কার্যক্রম শুরু
হবিগঞ্জের লাখাই উপজেলায় ঝরে পড়া শিশুদের জন্য ‘শিক্ষাতরি’ কার্যক্রম শুরু হয়েছে। বেসরকারি সংস্থা ব্র্যাকের শিক্ষা কর্মসূচির আওতায় গতকাল বুধবার ধলেশ্বরী নদীতে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. মাহবুবুর রহমান।ব্র্যাক জানায়, যাতায়াতসহ নানা সমস্যার কারণে হবিগঞ্জের ভাটি অঞ্চল লাখাই উপজেলার সুজনগ্রাম, গাজীপুর হাটি ও গাংপার হাটিতে প্রায় ৮০ ভাগ শিশু প্রাথমিক শিক্ষা থেকে ঝরে পড়েছে। এ ঝরে পড়া শিক্ষার্থীদের লেখাপড়ায় ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে ব্র্যাক। প্রাথমিক অবস্থায় সংস্থাটি প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুটি শিক্ষাতরি দিয়ে কার্যক্রম শুরু করেছে। একটি শিক্ষাতরিতে ৩০ জন শিক্ষার্থী পাঠ গ্রহণ করবে। একজন শিক্ষক সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত পাঠদান করবেন। গাংপার হাটি এলাকায় গতকাল সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিক উদ্দিন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) সিরাজুল ইসলাম, জেলা ব্র্যাক প্রতিনিধি বিভাষ চন্দ্র তরফদার উপস্থিত ছিলেন। ব্র্যাক প্রকল্প কর্মকর্তা সন্তোষ রায় বলেন, ‘শিশুরা এ শিক্ষাতরিকে আনন্দের সঙ্গে গ্রহণ করেছে। এ অঞ্চলে এ ধরনের শিক্ষাদান পদ্ধতি এই প্রথম। এলাকায় প্রায় ৮০ ভাগ শিশু লেখাপড়া বন্ধ করে দিয়েছিল। এ কার্যক্রমের মাধ্যমে আমরা তাদের শিক্ষায় ফিরিয়ে আনতে চাই।’