‘শিক্ষানুরাগীর’ বিরুদ্ধে ছাত্রীকে হয়রানি করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার মধ্যনগর থানার একটি বিদ্যালয় পরিচালনা কমিটির ‘শিক্ষানুরাগী’ সদস্য আবদুস সহিদ ওরফে আজাদ একজন ছাত্রীকে হয়রানি করেছেন বলে অভিযোগ উঠেছে।স্থানীয় প্রভাবশালী ব্যক্তি আবদুস সহিদের ভয়ে ওই ছাত্রী বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। আবদুস সহিদ মধ্যনগর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তাঁর বিরুদ্ধে মামলা করতে গিয়েছিলেন হয়রানির শিকার মেয়েটির বাবা। কিন্তু পুলিশ মামলা নেয়নি। মেয়েটির পরিবার পরে স্থানীয় সাংসদ এবং জেলা মহিলা পরিষদের কাছে লিখিত অভিযোগ দেয়। পরিবারের অভিযোগ, মেয়েটিকে ফিরিয়ে না আনলে তার ছোট বোনকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন আবদুস সহিদ। স্থানীয় সাংসদ ও বিদ্যালয় পরিচলনা কমিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন প্রথম আলোকে গতকাল শনিবার সন্ধ্যায় বলেন, অভিযোগ পাওয়ার পর পরই আবদুস সহিদকে কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে। পুলিশকে ঘটনার তদন্ত করতে বলা হয়েছে। কমিটির পরবর্তী সভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। মেয়েটির পরিবার জানায়, বিদ্যালয়ে যাতায়াতের সময় মেয়েটিকে নানাভাবে উত্ত্যক্ত করতেন আবদুস সহিদ। তিনি যখন-তখন গিয়ে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে ঢুকে পড়েন। মাধ্যমিকের (এসএসসি) নির্বাচনী পরীক্ষার আগে তিনি মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেন এবং তার পরিবারকে নানাভাবে চাপ দেন। পরীক্ষা শেষ করে মেয়েটি এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেয়। এরপর তাকে ফিরিয়ে আনতে সহিদ হুমকি দিতে থাকেন। তাই মেয়েটি ভয়ে এসএসসি পরীক্ষার ফরম পূরণ করতে যায়নি। তাই এ বছর সে আর পরীক্ষা দিতে পারবে না। জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক গৌরী ভট্টাচার্য বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাটি জেলা পুলিশ সুপারকে (এসপি) জানানো হয়েছে।আবদুস সহিদ ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সাংসদের চাপেই আমি ওই প্রতিষ্ঠানে যাতায়াত করতাম। যারা আমার বিরুদ্ধে অভিযোগ করছে, তারা চায় না আমি ওই প্রতিষ্ঠানে যাই।’মধ্যনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. বাবুল মিয়া বলেন, মেয়েটির মা মৌখিকভাবে থানায় অভিযোগ জানাতে এসেছিলেন। তাঁকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। কোনো লিখিত অভিযোগ এখনো পাওয়া যায়নি।