'শিক্ষাপ্রতিষ্ঠানে সাম্প্রদায়িক শিক্ষা যাতে না হয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সন্ত্রাস-জঙ্গিবাদ প্রসঙ্গে নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে মানবিক চেতনার কথা বপন করতে হবে। সেখানে সাম্প্রদায়িক শিক্ষা যাতে না হয়। ধর্মীয় শিক্ষার চেয়ে বেশি জোর দিতে হবে নৈতিক শিক্ষার ওপর। তবেই মানুষ অসাম্প্রদায়িক হয়ে বেড়ে উঠবে।
গতকাল বুধবার বিকেলে রাজধানীতে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকী উপলক্ষে মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে রামেন্দু মজুমদার এসব কথা বলেন।
রামেন্দু মজুমদার আরও বলেন, এই সংকট কেবল রাজনৈতিক নয়, এটা আমাদের সাংস্কৃতিক সংকট। যারা মানবিক সংস্কৃতির আদলে লালিত-পালিত হয়নি, শৈশব কাটেনি, তারা বলতে পারবে না মানবিক সংস্কৃতি কী। আজকের সংকট কাটানোর জন্য দরকার পরিবারের বন্ধন। বাবা-মাকে অবশ্যই জানতে হবে সন্তান কী করছে না-করছে।
বঙ্গবন্ধু প্রসঙ্গে রামেন্দু মজুমদার বলেন, ‘আমার মনে হয়, পৃথিবীতে যদি একজন বাংলাদেশি বেঁচে থাকেন, তবে বঙ্গবন্ধুর স্মৃতি তাঁর মনে জাগরুক থাকবে। আমরা যখনই বাংলাদেশের লাল-সবুজের জাতীয় পতাকার দিকে তাকাই, তখন মনে হয় লাল সূর্যের মধ্যে বঙ্গবন্ধুর ছবি দেখতে পাই।’