'শিক্ষাবৈষম্য রুখে দাঁড়াও'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাবৈষম্য দূর করে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে শুরু হয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৩৬তম জাতীয় সম্মেলন। সংগঠনের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারা এই সম্মেলনের আয়োজন করে।
গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় তিন দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন শিল্পী কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, রাজনীতির সঙ্গে যদি সংস্কৃতির মেলবন্ধন ঘটানো না যায়, তবে তা অপরাজনীতিতে পরিণত হয়। বাংলাদেশের অভ্যুদয়ের পূর্বাপর সব ঐতিহাসিক আন্দোলনে এ সংগঠনের গৌরবময় ভূমিকা ছিল।
রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য জেলা থেকে প্রায় দেড় হাজার প্রতিনিধি এই সম্মেলনে অংশ নেন। সংগঠনের নীল পতাকা আর বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে তাঁরা মিছিল করে অপরাজেয় বাংলার সমাবেশে মিলিত হন।
সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় সভাপতি এস এম শুভ সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর মইন। সমাবেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা টিএসসি, দোয়েল চত্বর, পুরানা পল্টন ও জিরো পয়েন্ট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্রে এসে শেষ হয়। বিকেলে রাজু ভাস্কর্যের সামনে সম্মেলন উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।